ছবি: সংগৃহীত
বাংলাদেশি তরুণী শান্তিনা জাহান সিমিকে বিয়ে করতে সুদূর ফিনল্যান্ড থেকে জামালপুরে এসেছেন ৩৮ বছর বয়সী সিমোলা মিকা। বিয়ের আগে খ্রিস্টধর্ম থেকে ইসলাম গ্রহণ করে নিজের নাম রেখেছেন ‘মিকাইল’। বিয়ের মধ্য দিয়ে সিমির জীবনসঙ্গী হওয়ার পাশাপাশি তাঁর পাঁচ বছর বয়সী সন্তানকেও আপন করে নিয়েছেন তিনি।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। ভিন্ন দেশের নাগরিকের আগমন, ধর্মান্তর ও বিয়ের খবর ছড়িয়ে পড়ায় নবদম্পতিকে দেখতে তাঁদের বাড়িতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিমির বাবা রফিকুল ইসলাম দৌলতপুর গ্রামের বাসিন্দা। তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রথম স্বামীকে হারানোর পর সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন সিমি। পরে ফিনল্যান্ডে বসবাসকারী এক আত্মীয়ের মাধ্যমে সিমোলা মিকার সঙ্গে তাঁর পরিচয় হয়। মুঠোফোনে যোগাযোগের মধ্য দিয়ে তাঁদের সম্পর্ক গভীর হয়। একপর্যায়ে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।
বিয়ের জন্য গত ৯ সেপ্টেম্বর ফিনল্যান্ড সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতিপত্র সংগ্রহ করেন মিকা। এরপর ২ অক্টোবর বাংলাদেশে এসে ইসলাম গ্রহণ করেন তিনি। পরে জামালপুর জজ কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে নিজের নাম পরিবর্তন করে ‘মিকাইল’ রাখেন। এরপর নিবন্ধিত কাজির মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
নবদম্পতি জানান, একসঙ্গে নতুন জীবন শুরু করতে পেরে তাঁরা আনন্দিত। ভবিষ্যতে সুখে-শান্তিতে সংসার গড়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। আগামী ১৮ অক্টোবর মিকাইলের ফিনল্যান্ডে ফিরে যাওয়ার কথা রয়েছে। সেখানে গিয়ে সিমি ও তাঁর সন্তানের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের ফিনল্যান্ডে নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে তিনজন একসঙ্গে বসবাস করতে চান।
মেয়ের নতুন জীবনের সূচনায় সন্তোষ প্রকাশ করেছেন বাবা রফিকুল ইসলাম। তিনি বলেন, মেয়ের বিয়েতে তিনি খুশি। দুজনের সম্মতিতে তাঁদের বিয়ে হয়েছে। তাঁরা যেন সুখে-শান্তিতে সংসার করতে পারেন, সেই প্রত্যাশা তাঁর।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশি নাগরিকের দৌলতপুর গ্রামে এসে বিয়ে করার বিষয়টি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে থানায় আনুষ্ঠানিক কোনো তথ্য পৌঁছায়নি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News