ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়িতে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপির পাঁচ থেকে ছয়জন সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা। পরে পাল্টা হামলায় আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়িতে ভাঙচুর এবং তাঁর পাটের গোডাউনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পাটিকাবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলকোলা গ্রামে এসব ঘটনা ঘটে।
বিএনপির নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সন্ধ্যার পর নলকোলা গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে কয়েকজন নেতাকর্মী বসে মুড়ি-চানাচুর খাচ্ছিলেন। এ সময় পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. রুহুলের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়।
হামলাকারীরা কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি সেখানে থাকা বিএনপির নেতাকর্মীদের মারধর করেন বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। এতে পাঁচ থেকে ছয়জন আহত হন বলে দাবি করা হয়েছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, কয়েক দিন আগে আওয়ামী লীগের সমর্থকদের একটি মিছিলকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি নাশকতার মামলা হয়। ওই মামলায় আওয়ামী লীগ নেতা রুহুলসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়। মঙ্গলবার আদালত থেকে জামিন নিয়ে তাঁরা এলাকায় ফেরেন। এরপরই বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ তাঁদের।
তবে হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়িতে হামলা ও ভাঙচুর করেন বলে জানা গেছে। একই সময় তাঁর পাটের গোডাউনে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
ঘটনার খবর পেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফয়সাল মাহমুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। পুরো ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাকে কেন্দ্র করে নলকোলা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News