ছবি: সংগৃহীত
ঢাকার একটি বাসায় গৃহকর্মীর কাজ করতে গিয়ে দীর্ঘদিন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ উঠেছে ১১ বছরের এক শিশুর বিরুদ্ধে। বর্তমানে খাগড়াছড়ির আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির শরীরজুড়ে গভীর ক্ষত ও আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় একাধিক সেলাই দেওয়া হয়েছে। পিঠ ও দুই পায়েও রয়েছে আঘাতের দাগ।
শিশুটির অভিযোগ, সামান্য ভুল হলেই তাকে মারধর করা হতো। শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া এবং দিনের বেশির ভাগ সময় টয়লেটে আটকে রাখার অভিযোগও করেছে সে। ঠিকমতো খাবার দেওয়া হতো না বলেও জানিয়েছে শিশুটি।
শিশুটির বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায়। তার বাবা দিনমজুর এবং মা মারা গেছেন। অভাবের কারণে প্রায় দেড় বছর আগে প্রতিবেশী তোফাজ্জল হোসেনের মাধ্যমে তাকে ঢাকায় গৃহকর্মীর কাজে পাঠানো হয়। বাবাকে বলা হয়েছিল, সেখানে ভালো থাকবে এবং কাজের ফাঁকে পড়াশোনার সুযোগ পাবে।
শিশুটির ভাষ্য অনুযায়ী, প্রথমে তাকে ফেনী শহরের একটি বাসায় রাখা হয়। পরে সেখান থেকে ঢাকার মিরপুরের পূর্ব শেওড়াপাড়ায় একটি বাসায় পাঠানো হয়। সেখানে যাওয়ার পর থেকেই নির্যাতন শুরু হয় বলে অভিযোগ তার।
শিশুটি জানায়, গৃহকর্তা সাইফুদ্দিন রাসেল, গৃহকর্ত্রী মোর্শেদা আক্তার ও তাদের মেয়ে রাফাতুল তাকে মারধর করত। গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়া এবং দীর্ঘ সময় টয়লেটে আটকে রাখার অভিযোগও করেছে সে।
শিশুটির বাবা জানান, ঢাকায় পাঠানোর পর দীর্ঘ সময় মেয়ের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। কয়েক দিন আগে তার মাথা ও থুতনিতে গুরুতর আঘাত করা হয় বলে অভিযোগ। পরে তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে বাবা গত শুক্রবার সেখানে যান এবং পরে মেয়েকে নিয়ে খাগড়াছড়ির আধুনিক জেলা সদর হাসপাতালে পৌঁছান। হাসপাতালে শয্যা না থাকায় মেঝেতেই তার চিকিৎসা চলছে।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা রিপল বাপ্পী চাকমা বলেন, শিশুটির শরীরে দীর্ঘদিনের নির্যাতনের চিহ্ন রয়েছে। দীর্ঘ সময় অভুক্ত থাকা ও নির্যাতনের কারণে সে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা প্রয়োজন।
এদিকে, শিশুটিকে নির্যাতনের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখা দেয়। অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান অনেকে।
এরই মধ্যে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত মোর্শেদা আক্তার ও তার স্বামী সাইফুদ্দিন রাসেলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার কলাবাগানের গ্রিনরোড এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির বাবা বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News