ছবি: সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় তুহিন (১৮) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তদন্তের স্বার্থে তুহিনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে এখন পর্যন্ত অপ্রতিমের মৃত্যুর ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ওসি রাকিবুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ দেখে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের স্বার্থে আপাতত আটক তরুণের বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব নয়।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল সে। এরপর আর বাড়ি ফেরেনি।
রাতে বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন।
নিখোঁজের পর পুলিশ অপ্রতিমের সর্বশেষ অবস্থান শনাক্তের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে।
এরপর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি ঝোঁপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে আগেই জানিয়েছিল পুলিশ।
অপ্রতিম কুমিল্লার কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ার দম্পতির একমাত্র সন্তান।
মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপ্রতিমের মৃত্যুর কারণ, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং নিখোঁজের সময় তার সঙ্গে থাকা আইফোনটির কী হয়েছে এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
তুহিনকে আটকের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অপ্রতিমের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News