ছবি: সংগৃহীত
বিরোধী দলের ঢাকা-রংপুর লংমার্চ ও গাজীপুরের ভোগড়া বাইপাসের পথসভা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেওয়ার ঘটনায় এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। একই ঘটনায় তাঁকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রত্যাহার হওয়া কর্মকর্তা খন্দকার জালাল উদ্দীন মাহমুদ। তিনি দীর্ঘদিন জিএমপি কমিশনারের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁকে জিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ে ১১ দলীয় ঐক্যের একটি পথসভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে অনুষ্ঠিত ওই সভায় বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানসহ জোটের নেতারা বক্তব্য দেন।
পথসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ও সভাস্থলের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে দায়িত্ব পালন করেন।
পথসভা শেষ হওয়ার পর জিএমপির অফিসিয়াল ফেসবুক পেজে লংমার্চ নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লংমার্চের গন্তব্য ও দাবির পাশাপাশি কর্মসূচির সময়সূচি, লোকসমাগম এবং পুলিশের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার তথ্য তুলে ধরা হয়।
পোস্টে বলা হয়েছিল, লংমার্চটি সকাল ৯টার দিকে জিএমপি এলাকায় প্রবেশ করে এবং সকাল ১০টার দিকে ভোগড়া বাইপাসে সংক্ষিপ্ত বক্তব্য শেষে শান্তিপূর্ণভাবে চলে যায়। এতে আনুমানিক ৮ থেকে ১০ হাজার মানুষের সমাগমের কথাও উল্লেখ করা হয়।
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের অনেকে পোস্টটির সমালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে জিএমপির ফেসবুক পেজ থেকে পোস্টটি প্রথমে সংশোধন করা হয় এবং পরে পুরোপুরি মুছে ফেলা হয়। এরপর খন্দকার জালাল উদ্দীন মাহমুদকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করা হয় এবং তাঁকে শোকজ করা হয়।
জিএমপির উপপুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন ভূঞা বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ভারপ্রাপ্ত স্টাফ অফিসারকে প্রত্যাহার করে হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে। ফেসবুক পোস্টের কারণেই তাঁকে প্রত্যাহার করা হয়েছে।
তবে পোস্টের কোন নির্দিষ্ট বিষয়কে দায়িত্বের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে, সে বিষয়ে জিএমপির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News