পায়রা নদীতে চোর-পুলিশ খেলা, থামছে না মা-ইলিশ শিকার
ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 03:02 AM, 15 October 2026.
Digital Solutions Ltd

পায়রা নদীতে চোর-পুলিশ খেলা, থামছে না মা-ইলিশ শিকার

Publish : 03:02 AM, 15 October 2026.
পায়রা নদীতে চোর-পুলিশ খেলা, থামছে না মা-ইলিশ শিকার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

পটুয়াখালীর দুমকীতে পায়রা নদীতে প্রশাসনের অভিযান চললেও বন্ধ হচ্ছে না মা-ইলিশ শিকার। অভিযানের ট্রলার দেখলেই জাল গুটিয়ে পালিয়ে যাচ্ছেন জেলেরা। টহলদল সরে গেলেই আবার নদীতে নামছে মাছ ধরার নৌকা। নদীর এক প্রান্তে অভিযান চললেও অন্য প্রান্তে চলছে ইলিশ শিকার। প্রশাসন ও জেলেদের এই চোর-পুলিশ খেলায় মা-ইলিশ রক্ষার ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) পর্যন্ত চলমান অভিযানে ২৬ হাজার মিটার অবৈধ জাল ও তিনটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে প্রশাসন। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হলেও বন্ধ করা যাচ্ছে না নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ। জনবলসংকট, একটি মাত্র টহল দল এবং নদীপথে পর্যাপ্ত নজরদারি না থাকায় পায়রা নদীর বিস্তীর্ণ এলাকায় অভিযান পরিচালনা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার পাঙ্গাশিয়া, আলগী, লেবুখালী, আঙ্গারিয়া ও মুরাদিয়াসহ নদীর বিভিন্ন পয়েন্টে নিষেধাজ্ঞা উপেক্ষা করে একশ্রেণির জেলে মাছ ধরছেন। অভিযানের ট্রলার দেখা গেলে মুঠোফোনে নদীতে থাকা জেলেদের সতর্ক করা হয়। এরপর তাঁরা জাল ফেলে তীরে উঠে আত্মগোপন করেন। টহলদল চলে গেলে আবার নদীতে নেমে মাছ শিকার শুরু করেন।

স্থানীয়দের ভাষ্য, কখনো একদল জেলে প্রশাসনের ধাওয়া খেয়ে পালিয়ে গেলেও অন্যদল নদীর অন্য প্রান্তে জাল ফেলেন। এমনকি জেলেদের পরিবারের নারী সদস্যরা নদীর তীরে অবস্থান করে প্রশাসনের গতিবিধি পর্যবেক্ষণ করেন বলেও অভিযোগ রয়েছে।

নিষেধাজ্ঞা অমান্য করে ধরা ইলিশ গোপনে মজুত ও বিক্রির অভিযোগও উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, উপজেলার হাজিরহাট, লেবুখালী ফেরিঘাট, ভাঙ্গার মাথা, আঙ্গারিয়া বন্দর, পাতাবুনিয়ার হাট, জেলেপাড়া, উত্তর মুরাদিয়া ও জোয়ারগরবদিসহ বিভিন্ন এলাকায় বরফভর্তি বাক্সে ইলিশ সংরক্ষণ করা হচ্ছে। পরে সুযোগ বুঝে এসব মাছ বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা যায়নি।

পাঙ্গাশিয়ার বাসিন্দা মো. ফারুক হোসেন বলেন, ‘প্রশাসন নদীর একদিকে অভিযান চালালে অন্যদিকে জেলেরা মাছ ধরছেন। টহল শেষ হলেই আবার শুরু হয় মাছ শিকার। এভাবে চলতে থাকলে মা-ইলিশ রক্ষার মূল উদ্দেশ্যই ব্যাহত হবে। শুধু বিচ্ছিন্ন অভিযান নয়, নদীর গুরুত্বপূর্ণ সব পয়েন্টে একযোগে অভিযান চালানো প্রয়োজন।’

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, ‘আমাদের টহল দল একটু আগেই ওই এলাকা থেকে ঘুরে এসেছে। জনবল কম এবং একটি মাত্র টহল দল থাকায় নদীর সব জায়গায় সমানভাবে নজরদারি করা কঠিন হয়ে পড়ছে। তবে আমরা টহল দল বাড়ানোর চেষ্টা করছি।’

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে এ পর্যন্ত ২৬ হাজার মিটার অবৈধ জাল ও তিনটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে। জব্দ করা জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তবে পর্যাপ্ত জনবল, প্রয়োজনীয় বরাদ্দ ও দ্রুতগতির নৌযানের অভাবে নদীর বিস্তীর্ণ এলাকায় একযোগে অভিযান চালানো সম্ভব হচ্ছে না।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, শুধু জাল ও নৌকা জব্দ করে মা-ইলিশ শিকার বন্ধ করা কঠিন। নিষেধাজ্ঞা কার্যকর করতে নদীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে একাধিক টহল দল মোতায়েন, দিন-রাত সমন্বিত অভিযান এবং অবৈধভাবে আহরিত ইলিশের মজুত ও বিপণন বন্ধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ। কিন্তু অভিযান ও জাল জব্দের পরও দুমকীর পায়রা নদীতে মা-ইলিশ শিকার বন্ধ না হওয়ায় উদ্বেগ বাড়ছে স্থানীয় সচেতন মহলে। তাঁদের দাবি, নদীর এক প্রান্তে অভিযান আর অন্য প্রান্তে মাছ শিকারের এই চোর-পুলিশ খেলা বন্ধ করতে নজরদারি জোরদার ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সুগন্ধায় স্পিডবোর্ট  দুর্ঘটনা ইউএনওসহ আহত ৯ শিরোনাম ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার, সন্ধান মেলেনি মূল্যবান সামগ্রীর শিরোনাম নলছিটিতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ী গার্লস স্কুল অ্যান্ড কলেজ শিরোনাম তথ্য অধিকার চর্চা ও সরকারি সেবা নিশ্চিতে বাগেরহাটে সচেতনতামূলক ক্যাম্পেইন শিরোনাম কাঠালিয়ায় মন্দিরে বৈদ্যুতিক সংযোগ নিয়ে বিরোধ, দুই পক্ষের মারামারি শিরোনাম নলছিটিতে বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ১১ আসামি গ্রেপ্তার