ছবি: সংগৃহীত
জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ খেলতে রাজশাহী যাওয়ার পথে তিন ক্রিকেটার ও দলের এক কর্মকর্তার আটটি লাগেজ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশির ভাগ মালপত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো কয়েকটি মূল্যবান সামগ্রী ও এক ক্রিকেটারের লাগেজের সন্ধান মেলেনি। চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।
চুরির শিকার ক্রিকেটাররা হলেন রাজশাহী বিভাগের স্পিনিং অলরাউন্ডার এসএম মেহেরব হাসান, পেসার মোহর শেখ অন্তর ও আলি মোহাম্মদ ওয়ালিদ। দলের টিম বয় আব্দুল কাদেরের লাগেজও হারিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কাভার্ডভ্যানে করে রাজশাহী বিভাগের দলের ৫৪টি লাগেজ পাঠানো হয়। মঙ্গলবার রাতে রাজশাহীতে পৌঁছে মালপত্র নামানোর সময় আটটি লাগেজ খুঁজে পাননি দলের সদস্যরা। পরে এ ঘটনায় রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মেহেরব হাসান।
পুলিশ সূত্রে জানা গেছে, পথে পুঠিয়া এলাকার একটি হোটেলে খাবারের বিরতি দেন কাভার্ডভ্যানের চালক। বিরতি শেষে যাত্রা শুরুর আগে তিনি ভ্যানের পেছনের দরজা খোলা দেখতে পান। দরজা বন্ধ করে আবার যাত্রা শুরু করেন তিনি। পরে রাজশাহীতে পৌঁছে লাগেজ হারানোর বিষয়টি ধরা পড়ে।
চুরি হওয়া মালপত্রের মধ্যে ব্যক্তিগত জিনিসপত্র, ইলেকট্রনিকস সামগ্রী ও খেলার সরঞ্জাম ছিল। মেহেরব হাসানের দাবি, তাঁর লাগেজে পাসপোর্ট, আইফোন, তিন লাখ টাকা, ৩০০ মার্কিন ডলারসহ বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী ছিল। মোহর শেখ অন্তরের লাগেজেও মূল্যবান ইলেকট্রনিকস ছিল।
ঘটনাস্থল পুঠিয়া এলাকায় হওয়ায় রাজশাহী ও নাটোর জেলা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। পুলিশ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিভাগের তৎপরতায় বেশির ভাগ মালপত্র উদ্ধার করা হয়। পরে রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে উদ্ধার হওয়া সামগ্রী ভুক্তভোগীদের বুঝিয়ে দেওয়া হয়।
রাজশাহী দলের ম্যানেজার তৌকির জানান, লাগেজ হারানোর বিষয়টি জানার পরপরই তাঁরা পুলিশ ও বিসিবিকে অবহিত করেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত পদক্ষেপে বেশির ভাগ মালপত্র উদ্ধার করা সম্ভব হয়েছে।
তবে মোহর শেখ অন্তরের লাগেজ এবং মেহেরব হাসানের দাবি করা তিন লাখ টাকার এখনো সন্ধান পাওয়া যায়নি। বাকি মালপত্র উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News