ছবি সংগৃহীত
গাজীপুরে পোশাকশ্রমিক তৌফিক হোসেনের মৃত্যুর ঘটনায় গায়েবানা জানাজা ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কর্মসূচি পালন করতে আসা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনাও ঘটে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, পোশাকশ্রমিক তৌফিক হোসেনের মৃত্যুর ঘটনায় গায়েবানা জানাজার কর্মসূচি ঘোষণা করেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আলী নাসের খান। দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি চান্দনা চৌরাস্তা মোড়ে উপস্থিত হন। এ সময় একটি ব্যানার নিয়ে তাঁরা বক্তব্য দেন।
এনসিপি ও জাতীয় শ্রমিক শক্তির নেতাদের বক্তব্য শেষে আলী নাসের খানও বক্তব্য দেন। পরে গায়েবানা জানাজা না পড়ে মোনাজাত শুরু করেন তাঁরা। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সেখান থেকে সরিয়ে দিতে ধাওয়া দেন। এ সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের ছত্রভঙ্গ করা হয়।
ঘটনার পর আলী নাসের খান অভিযোগ করেন, তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যুর ঘটনায় বিচার দাবি এবং শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানাতেই তাঁরা এ কর্মসূচি পালন করছিলেন।
তিনি আরও দাবি করেন, পুলিশের হামলায় জাতীয় শ্রমিক শক্তির সভাপতি ও এনসিপির গাজীপুর জেলা কমিটির নেতাসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনর রশীদ জানান, সড়কের মূল পয়েন্টে জানাজার আয়োজন করায় প্রশাসনের পক্ষ থেকে তাঁদের পাশের মসজিদ, ঈদগাহ মাঠ অথবা খেলার মাঠে কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু তাঁরা তা না মানায় যান চলাচল ও জনদুর্ভোগ এড়াতে পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয়। এ ঘটনায় কেউ আহত হননি বলেও দাবি করেন তিনি।
এ ঘটনায় এনসিপির নেতাকর্মীদের অভিযোগ ও পুলিশের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News