নজরদারি এড়াতে অপরাধীদের নতুন কৌশল, বদলাচ্ছে বেশভূষা
ঢাকা, ০৯ নভেম্বর, ২০২৬
ডেক্স রিপোর্ট :
Publish : 05:54 AM, 09 November 2026.
Digital Solutions Ltd

নজরদারি এড়াতে অপরাধীদের নতুন কৌশল, বদলাচ্ছে বেশভূষা

Publish : 05:54 AM, 09 November 2026.
নজরদারি এড়াতে অপরাধীদের নতুন কৌশল, বদলাচ্ছে বেশভূষা

ছবি সংগৃহীত

ডেক্স রিপোর্ট :

দেশের দক্ষিণ-পূর্ব সীমান্তবর্তী উপজেলা কক্সবাজারের টেকনাফ। একসময় মাছ ধরা, কৃষিকাজ, লবণ চাষ, পর্যটন ও ব্যবসা-বাণিজ্য ছিল এ অঞ্চলের মানুষের জীবিকার প্রধান অবলম্বন। তবে সময়ের সঙ্গে মাদক পাচার, মানব পাচার ও অপহরণসহ বিভিন্ন অপরাধের বিস্তারে বদলে গেছে এলাকার চিত্র। এসব অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান জোরদার হওয়ার পর এবার নজরদারি এড়াতে নিজেদের পরিচয় ও বেশভূষা পরিবর্তনের অভিযোগ উঠেছে অপরাধীদের বিরুদ্ধে।

 

স্থানীয়দের অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমার থেকে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর স্থানীয় ও রোহিঙ্গাদের একটি অংশের যোগসাজশে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বিস্তার লাভ করে। বিশেষ করে অপহরণ, মুক্তিপণ আদায়, মাদক ও মানব পাচার এবং অবৈধ অস্ত্রের ব্যবহার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

 

অভিযোগ রয়েছে, কখনো পরিবারের সদস্যদের সামনে থেকে মানুষ অপহরণ, কখনো মুক্তিপণের জন্য নির্যাতন, আবার কখনো টাকা দিতে না পারলে অপহৃত ব্যক্তিকে হত্যার ঘটনাও ঘটেছে। এসব অপরাধের প্রতিবাদ করতে গিয়ে ভুক্তভোগী ও স্থানীয়দের অনেকে নির্যাতন ও হুমকির শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এবং সেনাবাহিনীর সমন্বয়ে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হচ্ছে। টেকনাফে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপনের পর যৌথ অভিযানও জোরদার করা হয়েছে।

 

এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার হ্নীলা ইউনিয়নের ২৪ ও ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে গভীর পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানায় অভিযান চালায় যৌথ বাহিনী। সেখানে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ৫৭ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় সশস্ত্র পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে রামু সেনানিবাসের আওতাধীন রঙ্গিখালী সেনা ক্যাম্প-১ ইউনিটের সদস্য তিতাস শেখ গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

 

এ ঘটনার পর অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে। আর এতে গ্রেপ্তার এড়াতে অপরাধীদের অনেকে নিজেদের পরিচয় ও বেশভূষা পরিবর্তন করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

নাম প্রকাশ না করার শর্তে লেদা এলাকার এক বাসিন্দা জানান, বড় বড় মাদক, মানব পাচার ও অপহরণকারী চক্রের সদস্যদের কেউ পাঞ্জাবি-টুপি পরে ভালো মানুষের বেশ ধারণ করছেন। কেউ ছোটখাটো পান-চায়ের দোকান খুলে বসছেন। আবার কেউ সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছেন। গ্রেপ্তার এড়াতে অনেকে টেকনাফ ছেড়ে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিচ্ছেন বলেও দাবি করেন তিনি।

 

ওই বাসিন্দার অভিযোগ, এসব অপরাধীর অনেকের কাছে এখনো অবৈধ অস্ত্র রয়েছে। তাই শুধু অপরাধীদের গ্রেপ্তার নয়, তাদের কাছ থেকে জি-৩, ৯ এমএম ও একে-৪৭-এর মতো অস্ত্র উদ্ধারেরও দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি অপরাধীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার আহ্বান জানান।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী বলেন, মাদক, মানব পাচার ও অপহরণের মতো অপরাধে স্থানীয় ও রোহিঙ্গাদের একটি অংশ জড়িয়ে পড়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ায় এলাকার মানুষ সন্তুষ্ট। অপরাধীদের কোনো দল, মত বা পরিচয় নেই। তারা যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, উখিয়া-টেকনাফের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী কাজ করছে। অপরাধীরা যতই পরিচয় বা বেশভূষা পরিবর্তন করুক, তাদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, অপরাধীরা নিজেদের রক্ষায় যতই খোলস পরিবর্তন করুক, তাদের রক্ষা পাওয়ার সুযোগ নেই।

এদিকে, রোববার হ্নীলা ইউনিয়নের মোচনী নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে সেনাবাহিনী ও এপিবিএন পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দুটি ফাইভ স্টার পিস্তল, চার রাউন্ড গুলি এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয়দের প্রত্যাশা, ধারাবাহিক ও নিরপেক্ষ অভিযানের মাধ্যমে অপহরণ, মাদক ও মানব পাচারসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আসবে। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের পৃষ্ঠপোষকদের শনাক্ত করা গেলে টেকনাফে স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা ফিরে আসবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর শিরোনাম রাজধানীর ফার্মগেটে বাসে আগুন শিরোনাম সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল শিরোনাম নলছিটিতে আসামি ছিনতাইয়ের ঘটনায় আটক ব্যক্তিরা কারা / ওসি নিরব শিরোনাম লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত ১৫ শিরোনাম নজরদারি এড়াতে অপরাধীদের নতুন কৌশল, বদলাচ্ছে বেশভূষা