ছবি: সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবীনবরণ অনুষ্ঠানে নিজের কাছে ঘুষের প্রস্তাব আসার ঘটনা তুলে ধরেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। তাঁর ভাষ্য, এক ব্যক্তি তাঁকে বলেছিলেন, ‘আপনি তো আলেম মানুষ, বেশি খাবেন না, ২ টাকা করে খাবেন।’ ওই প্রস্তাবের হিসাব করে প্রায় ৪৮ থেকে ৫০ কোটি টাকার অঙ্ক পেয়েছিলেন বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন আমির হামজা। সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।
ঘুষের প্রস্তাব পাওয়ার ঘটনা বর্ণনা করে আমির হামজা বলেন, ‘আমাকে সেদিন রাতের বেলা সন্ত্রাসী টাইপের একজন এসে বলেছে, “আপনি তো আলেম মানুষ, বেশি খাবেন না। ২ টাকা করে খাবেন।” আমি হিসাব করে দেখলাম প্রায় ৪৮ থেকে ৫০ কোটির উপরে টাকা আসবে।’ তিনি আরও বলেন, কুষ্টিয়া সদরে এ রকম ৩৩টি জায়গা রয়েছে। এসব ক্ষেত্রে নিজের ঈমান ও ইখলাস ঠিক রাখার জন্য সবার কাছে দোয়া চান তিনি।
দুর্নীতিমুক্ত নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরে সংসদ সদস্য বলেন, বাংলাদেশকে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো গড়ে তুলতে হলে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতিমুক্ত মানুষকে দায়িত্ব দিতে হবে। তাঁর মতে, ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্রী সংস্থা এ ধরনের নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখতে পারে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সদস্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমে বিপুল অর্থ ও সম্পদ থাকলেও দুর্নীতির কারণে প্রত্যাশিত সুফল পাওয়া যাচ্ছে না। বিভিন্ন পর্যায়ে দালালচক্রের উপস্থিতির কথাও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, এসব জায়গায় সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা গেলে দেশের অগ্রগতি সম্ভব।
শিক্ষার্থীদের উদ্দেশে আমির হামজা বলেন, ছাত্রজীবনের সবচেয়ে বড় রাজনীতি হচ্ছে লেখাপড়া। পাশাপাশি ঈমান ও আমল ঠিক রেখে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুর গফুর এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ।
এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক, নবীন শিক্ষার্থী এবং সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের কোরআন, হিজাব, চাবির রিং, ‘তওবার অন্তরায়’ বই, কলম, টেবিল ক্যালেন্ডার, সংগঠনের লোগোসংবলিত প্যাড, পরিচিতি কার্ড ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে দুপুরের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News