ছবি: সংগৃহীত
বিয়ের আগের দিন মোটরসাইকেল কেনার জন্য বরপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছিল দেড় লাখ টাকা। কথা ছিল, পরদিন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে আসবেন বর। সেই অনুযায়ী বিয়ের সব আয়োজনও সম্পন্ন হয়েছিল। লাল বেনারসি আর গয়নায় বধূ সেজে বরের অপেক্ষায় ছিলেন কনে। কিন্তু নির্ধারিত সময়ে বর তো আসেনইনি, উল্টো পরে আরও দেড় লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে তাঁর পরিবারের বিরুদ্ধে
শুক্রবার (২০ নভেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকির অভিযোগ এনে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী খয়রুন বেগম। তাঁর অভিযোগ, অভিযুক্ত বর একই ইউনিয়নের পশ্চিম জালালপুর গ্রামের ছোয়াব আলীর ছেলে আবাছ আলী।
থানায় দেওয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওমানে প্রবাসে থাকার সময় আবাছ আলীর সঙ্গে খয়রুন বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সময়ে তাঁকে মোট তিন লাখ টাকা দেন খয়রুন। প্রায় এক মাস আগে আবাছ দেশে ফিরলে দুই পরিবারের সম্মতিতে ২০ নভেম্বর বিয়ের দিন ধার্য করা হয়।
কনেপক্ষের দাবি, বিয়ের আগে বরপক্ষ থেকে মোটরসাইকেল দাবি করা হয়। সেই অনুযায়ী গত ১৯ নভেম্বর স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেল কেনার জন্য নগদ দেড় লাখ টাকা দেওয়া হয়। পরদিন বিয়ের সব আয়োজন সম্পন্ন হলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও বর বা বরপক্ষের কেউ কনের বাড়িতে আসেননি।
পরে যোগাযোগ করা হলে আরও দেড় লাখ টাকা দাবি করা হয়। সেই টাকা না দিলে বিয়ে হবে না বলেও জানানো হয় বলে অভিযোগ কনেপক্ষের।
পরিবারটির দাবি, বিয়ের প্যান্ডেল, রান্নাবান্না ও অতিথি আপ্যায়নসহ আয়োজনে প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়েছে। বিয়ের দিন বর না আসায় আর্থিক ক্ষতির পাশাপাশি সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতি ও মানসিক বিপর্যয়ের মুখে পড়েছেন তাঁরা।
খয়রুন বেগমের বড় ভাই মইন উদ্দিন বলেন, তাঁর বোনকে বধূ সাজিয়ে আত্মীয়স্বজন ও এলাকাবাসীর জন্য খাবারের আয়োজন করা হয়েছিল। কিন্তু বাড়তি যৌতুকের দাবিতে বরপক্ষ আসেনি। এ ঘটনায় বাধ্য হয়ে তাঁরা আইনের আশ্রয় নিয়েছেন।
তবে যৌতুক দাবির অভিযোগ অস্বীকার করেছেন বরের ভাই ইয়াসিন মিয়া। তাঁর দাবি, কোনো যৌতুক নেওয়া হয়নি। বরং প্রবাসে থাকাকালে তাঁর ভাইয়ের পাওনা টাকা বাবদ এক লাখ টাকা নেওয়া হয়েছে।
আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন জানান, বিয়ে ভেঙে যাওয়ার বিষয়টি তিনি পুলিশের মাধ্যমে জেনেছেন। তবে প্রায় এক সপ্তাহ আগে টাকা লেনদেনের বিষয়টি বরপক্ষ তাঁকে জানিয়েছিল।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে সমাধানের আশ্বাস দিয়েছেন। সমাধান না হলে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News