খাদ্য কর্মকর্তা নাজমুলের ঠিকানা কোথায়
ঝালকাঠি সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মো. নাজমুল হোসেনের প্রকৃত বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে। তিনি ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের ছেলে। তবে খাদ্য অধিদপ্তরের নথিতে তাঁর স্থায়ী ঠিকানা উল্লেখ রয়েছে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা গ্রাম।
এ নিয়ে অনুসন্ধান করেছে সার্চ বিডি নিউজ। অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে, আওয়ামীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে অনেক আগে থেকেই নাজমুল হোসেনের বেশ ঘনিষ্ঠতা ছিল। ২০০০ সালে আমির হোসেন আমু খাদ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রভাব কাজে লাগিয়ে নিজ জেলার প্রকৃত ঠিকানা গোপন করে চট্টগ্রাম বিভাগের ঠিকানা ব্যবহার করেন নাজমুল। ওই বছরের ৩১ ডিসেম্বর আমুর মন্ত্রনায়লের খাদ্য অধিদপ্তরে চাকরিতে যোগদান করেন তিনি।
সার্চ বিডি নিউজের হাতে আসা তথ্য অনুযায়ী, আমির হোসেন আমুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নাজমুল দলীয় প্রভাব খাটিয়ে ঠিকানা সংক্রান্ত এই অনিয়ম করেছেন। সরকারি চাকরিতে একই কর্মস্থলে তিন বছরের বেশি সময় না থাকার বিধান থাকলেও তাঁর ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটেছে। টানা ১৩ বছর ধরে তিনি ঝালকাঠি জেলাতেই দায়িত্ব পালন করছেন।
খাদ্য দপ্তরের দেয়া তথ্য বলছে নাজমুল ইসলাম চাকরীর পর ঝালকাঠি খাদ্য দপ্তরে সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা পদে প্রথম যোগদান করেন বিগত ১৩ বছর আগে ২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি।
এরপর ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ঘনিষ্টজন হিসেবে খাদ্য দপ্তর ম্যানেজ করে তিনি কখনো জেলা খাদ্য নিয়ন্ত্রক পদে কখনো কাঠালিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে, আবার কখনো নলছিটিতে। দপ্তর বদল করে বর্তমানে ঝালকাঠি সদর উপজেলা খাদ্য কর্মকর্তা পদে সম্প্রতী দায়িত্ব নেয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর আমির হোসেন আমুর ঘনিষ্টজন খাদ্য কর্মকর্তা নাজমুল হোসেন বর্তমানে ঝালকাঠি সদর উপজেলা খাদ্য কর্মকর্তার গুরুত্বপুর্ণ পদে কর্মরত থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি দলীয় অনেক নেতা কর্মীরা।
অভিযোগ রয়েছে, দীর্ঘ ১৩ বছর ঝালকাঠিতে কর্মরত থাকাকালে নাজমুল হোসেন বিপুল সম্পদের মালিক হয়েছেন। ২০২৩ সালে একটি জালিয়াতির মামলায় আদালতে দণ্ডিত হওয়ার ঘটনাও রয়েছে তাঁর বিরুদ্ধে। ওই সময় ১৪ লাখ টাকা দিয়ে বাদীর সঙ্গে সমঝোতা করে আইনি জটিলতা থেকে রক্ষা পান তিনি।
নাজমুল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে বরিশাল বিভাগীয় কমিশনার এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ঝালকাঠি শহরের বাহের রোড এলাকার মজিদ হাওলাদারের ছেলে আবুল বাসারসহ পাঁচজন।
অভিযোগকারীদের একজন বরিশালের আনোয়ার হোসেন বলেন, ‘আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমির হোসেন আমুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এই ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকাণ্ডে কমিশন বাণিজ্য করেছেন। দীর্ঘদিন নিজ জেলায় কর্মরত থেকে সম্পদের পাহাড় গড়েছেন।’
লিখিত অভিযোগকারীদের আরেকজন ঝালকাঠি খাদ্যগুদামের নিরাপত্তাপ্রহরী আলী আজিম বলেন, ‘নাজমুল হোসেন নিয়মিত অফিস না করলেও খাদ্যগুদামের চাল-গম কেনাবেচার কার্যক্রম তাঁর নিজস্ব লোকজনের মাধ্যমে পরিচালনা করেন। এ কাজে তাঁর একটি নিজস্ব চক্র রয়েছে। তাদের মাধ্যমে এসব বাণিজ্য পরিচালিত হয়। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।’
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে নাজমুল হোসেন সার্চ বিডি নিউজকে বলেন, ‘আমার ঠিকানা সাতুরিয়া নাকি চকরিয়া, সেটা খাদ্য অধিদপ্তর জানে। নতুন কিছু জানতে হলে আমাকে লিখিতভাবে প্রশ্ন করতে হবে।’
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News