ছবি: সংগৃহীত
দেশে বাড়তে থাকা হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। আগামীকাল রোববার থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় এই বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হবে। এমনকি যারা পূর্বে হামের টিকা নিয়েছে, তাদেরও পুনরায় টিকা দেওয়া হবে, যাতে সংক্রমণের ঝুঁকি আরও কমানো যায়।
মন্ত্রী বলেন, বর্তমানে যেসব এলাকায় হামের প্রকোপ বেশি, সেসব স্থানকে অগ্রাধিকার দিয়ে প্রাথমিকভাবে ৩০টি উপজেলায় এই কার্যক্রম শুরু হচ্ছে। তবে পর্যায়ক্রমে সারা দেশের শিশুদের টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি আরও জানান, বর্তমানে যারা হামে আক্রান্ত বা জ্বরে ভুগছে, তাদের এই মুহূর্তে টিকা দেওয়া হবে না। বরং তাদের সুস্থতার জন্য ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এবং সুস্থ হওয়ার পর প্রয়োজনীয় টিকাদান নিশ্চিত করা হবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর পদ্ধতি। বিশেষ করে ২০২০ সালের জাতীয় টিকাদান কর্মসূচির পর জন্ম নেওয়া অনেক শিশু এখনও টিকার বাইরে রয়েছে। ফলে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই বাস্তবতায় সরকার পুনরায় টিকাদান কার্যক্রম জোরদার করেছে।
রোববার থেকে যেসব উপজেলায় এই কর্মসূচি শুরু হচ্ছে, তার মধ্যে রয়েছে—
রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর, নেত্রকোনার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, নাটোর সদর এবং যশোর সদর উপজেলা।
সংশ্লিষ্টরা মনে করছেন, সময়োপযোগী এই উদ্যোগ বাস্তবায়ন করা গেলে দেশের শিশুদের মধ্যে হামের সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হবে। একই সঙ্গে অভিভাবকদের সচেতন অংশগ্রহণ এই কর্মসূচির সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News