ছবি সংগৃহীত
দেশে হামের সংক্রমণ ও মৃত্যুহার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। শিশুদের সুরক্ষায় নেওয়া এ উদ্যোগকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সময়োপযোগী ও জরুরি পদক্ষেপ হিসেবে দেখছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২২ হাজার। একই সময়ে হাম ও এর উপসর্গে মৃত্যু হয়েছে ২১৩ জন শিশুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথম ধাপে ৫ এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কার্যক্রম শুরু করা হয়। পরে ১২ এপ্রিল ঢাকাসহ চারটি সিটি করপোরেশন এলাকায়ও টিকা কার্যক্রম সম্প্রসারিত হয়।
সরকারি ঘোষণা অনুযায়ী, এবার পুরো দেশব্যাপী একযোগে এই কর্মসূচি চালু করা হচ্ছে। গত শুক্রবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “২০ এপ্রিল থেকে সারা দেশে ম্যাসিভভাবে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। দেশে কোনো টিকার ঘাটতি নেই। তাই বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দিতে হবে।”
স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত টিকা পৌঁছে দিতে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা ইতোমধ্যে প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তা পেয়েছেন।
তবে চিকিৎসকরা বলছেন, হামের কারণে সরাসরি মৃত্যুর চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে এর সঙ্গে থাকা অন্যান্য জটিলতা। বিশেষ করে অপুষ্টি, নিউমোনিয়া ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা শিশুরা বেশি ঝুঁকিতে রয়েছে।
একজন শিশুরোগ বিশেষজ্ঞ বলেন, হাম নিয়ে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি দেশব্যাপী টিকাদান কর্মসূচিকে সফল করতে অভিভাবকদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরও বলেন, শিশুকে সময়মতো টিকা দেওয়ার পাশাপাশি সুষম ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে হবে। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং হামের ঝুঁকি অনেকাংশে কমে যাবে।
জনস্বাস্থ্য বিশ্লেষকরা মনে করছেন, এই জাতীয় টিকাদান কর্মসূচি সফল হলে দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বড় অগ্রগতি আসবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News