ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু ও সংযোগ সড়ক চলাচলের জন্য খুলে দেওয়ার দুই মাসের মধ্যেই ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ধরধরা এলাকায় গিয়ে দেখা যায়, টাঙ্গন নদীর ওপর নির্মিত সেতুটির দুই পাশের প্রায় ২০০ মিটার হেরিংবোন সংযোগ সড়কের বিভিন্ন অংশ ধসে গেছে। স্থানীয়রা বলছেন, আগের রাতে হালকা বৃষ্টির পরই সড়কের এই অবস্থা হয়েছে। ফলে যানবাহন চলাচল ও মানুষের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজের শুরু থেকেই অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ ছিল। এর আগে সেতু উদ্বোধন করতে গিয়ে এলাকাবাসীর অভিযোগের মুখে উদ্বোধন না করেই ফিরে যান পানিসম্পদ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। পরে তিনি কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও সেতুর সংযোগ সড়কের কাজে টাঙ্গন নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছিল। তাঁদের দাবি, নদী থেকে তোলা নরম বালু দিয়ে সড়ক ভরাট করে দ্রুত হেরিংবোন রাস্তা নির্মাণ করায় বৃষ্টিতে সেটি ধসে পড়েছে।
স্থানীয় ইউপি সদস্য প্রিয়নাথসহ কয়েকজন বাসিন্দা বলেন, নদী থেকে বালু তুলে ভরাট করলে সড়ক আরও মজবুত হবে—এমন আশ্বাস দেওয়া হয়েছিল তাঁদের। কিন্তু অল্প সময়ের মধ্যেই সড়ক ধসে পড়ায় তাঁরা ক্ষুব্ধ।
স্থানীয় শিক্ষক মফিজুর রহমান বলেন, দীর্ঘ সময় ধরে নির্মাণকাজ চলার পর মাত্র দুই মাস আগে সড়কটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। সামান্য বৃষ্টিতেই সড়ক ধসে পড়ায় কাজের মান ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।
বোদা উপজেলা সহকারী প্রকৌশলী আকরাম হোসেন বলেন, সেতুর দুই পাশের প্রায় ২০০ মিটার হেরিংবোন সড়ক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এত অল্প সময়ে এমন ক্ষতি হবে, তা তাঁরা ভাবেননি। কাজের মান ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী শফিউল ইসলাম বলেন, বিষয়টি জানার পর যান চলাচল স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে এখনো চূড়ান্ত বিল দেওয়া হয়নি। তদন্তে গাফিলতি বা নিম্নমানের কাজের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকল্পটির নির্মাণকাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস করপোরেশন। উদ্বোধনের আগেই সংযোগ সড়কের একটি অংশ ধসে পড়ায় প্রকল্পের কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁরা দ্রুত টেকসইভাবে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News