ছবি: সংগৃহীত
ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। ম্যানেজিং কমিটির সম্পৃক্ততায় যেসব নিয়োগ হবে, সেসব ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর করার কথা বলা হয়েছে।
ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। গত ১ অক্টোবর রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ নির্দেশনা দেন।
চিঠিতে বলা হয়েছে, তরুণ ও যুব সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকমুক্ত, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নৈতিকতা ও সুস্থতার ওপর শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, রাজাপুর ও কাঠালিয়া উপজেলার এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ম্যানেজিং কমিটির সম্পৃক্ততায় বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়। এসব পদের মধ্যে রয়েছে অফিস সহকারী, অফিস সহায়ক, নৈশপ্রহরী, আয়া ও পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন পদ।
সংসদ সদস্যের নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে ম্যানেজিং কমিটির সম্পৃক্ততায় এসব প্রতিষ্ঠানে কোনো নিয়োগের ক্ষেত্রে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর ডোপ টেস্ট করাতে হবে। পরীক্ষার ফল নেতিবাচক বা সন্তোষজনক হলেই সংশ্লিষ্ট প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, যুব সমাজকে মাদকমুক্ত রাখা এবং শিক্ষাঙ্গনের পরিবেশ সুরক্ষার বৃহত্তর স্বার্থে রাজাপুর উপজেলার সব এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সুপারসহ প্রতিষ্ঠানপ্রধানদের এ বিষয়ে জরুরি অফিসিয়াল নির্দেশনা দিতে হবে।
সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে, যাতে ভবিষ্যতে ম্যানেজিং কমিটির সম্পৃক্ততায় অনুষ্ঠিত নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ডোপ টেস্টের বিষয়টি নিশ্চিত করা যায়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News