ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের সিংগাইরে স্বামী রাশেদুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যার মামলায় পলাতক স্ত্রী হাসনা আক্তারকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) রাতে মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিও উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় হাসনা আক্তারের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের আগে তিনি অরঙ্গবাদ গ্রামের এক নারীর বাড়িতে আত্মগোপনে ছিলেন। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত রাশেদুল ইসলাম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ধুবনী গ্রামের বাসিন্দা। তিনি সাভারের রাজফুলবাড়িয়া এলাকার একটি পোশাক কারখানায় স্যাম্পল সুপারভাইজার হিসেবে কাজ করতেন। তাঁর স্ত্রী হাসনা আক্তারও একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তাঁদের দুটি সন্তান রয়েছে।
প্রায় ছয় বছর আগে রাশেদুল সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করেন। এরপর পরিবার নিয়ে সেখানে বসবাস শুরু করেন। জমি স্ত্রীর নামে রেজিস্ট্রি করে দেওয়া নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার পারিবারিকভাবে সমঝোতার চেষ্টা হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। গত ৩ অক্টোবরও তাঁদের মধ্যে ঝগড়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারের বর্ণনা অনুযায়ী, গত ৭ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে ছেলে তাওহিদকে নিয়ে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন রাশেদুল। তাঁর স্ত্রী হাসনা আক্তার মেয়ে রুমাইয়াকে নিয়ে পাশের কক্ষে ছিলেন। পরদিন ৮ অক্টোবর ভোর পৌনে চারটার দিকে বাবার চিৎকারে ঘুম ভেঙে যায় ছেলে তাওহিদের। এ সময় সে বাবাকে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় দেখতে পায়।
পরে স্বজন ও প্রতিবেশীরা রাশেদুলকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে বাড়ির সামনের সড়কেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর হাসনা আক্তার পালিয়ে যান বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
পুলিশ জানায়, পরকীয়া সম্পর্কের সন্দেহ ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। নিহতের মামা মো. মফিজুল ইসলাম বাদী হয়ে হাসনা আক্তারকে আসামি করে সিংগাইর থানায় হত্যা মামলা করেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News