ছবি: সংগৃহীত
ফরিদপুরের নগরকান্দায় সারের ডিলারশিপ নিয়োগে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ তুলে প্রতিবাদ করায় এক যুবদল নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নেতাসহ অন্তত চারজন আহত হয়েছেন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহত যুবদল নেতার নাম শেখ খোরশেদ আহমেদ দোলন (৫০)। তিনি দুলারডাঙ্গী গ্রামের বাসিন্দা ও জেলা যুবদলের সদস্য। আহত অন্যরা হলেন উত্তর গোপীনাথপুর গ্রামের সুমন তালুকদার (৩৬), গোপালপুর গ্রামের ওয়াজেদ মোল্যা (৫০) এবং বাড়ৈইডাঙ্গী গ্রামের মোস্তাক আহমেদ কলি মণ্ডল (৫০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রামনগর ইউনিয়নে সারের ডিলার নিয়োগের জন্য আবেদন করেন খোরশেদ আহমেদ দোলন এবং স্থানীয় বিএনপি নেতা মান্নান মণ্ডলের ছেলে শিবলী সাদিক ওরফে তুষার মণ্ডল (৩০)। শেষ পর্যন্ত মেসার্স এসএস এন্টারপ্রাইজের নামে ডিলার নিয়োগ পান তুষার মণ্ডল। এরপর নিয়োগে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ তোলেন দোলন।
রোববার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরকান্দা প্রেসক্লাবে নিয়োগবঞ্চিত ব্যক্তিরা সংবাদ সম্মেলন করেন। সেখানে দোলনও অংশ নেন। তিনি রামনগর ইউনিয়নে ডিলার নিয়োগে অনিয়ম হয়েছে এবং অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন।
দোলনের বড় ভাই শেখ ফরিদ আহমেদ মিলনের অভিযোগ, ওই ঘটনার জের ধরে তুষার মণ্ডলের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল সোমবার সন্ধ্যায় বাঙ্গাবাড়িয়া বাজারের একটি চায়ের দোকানে বসে থাকা দোলনের ওপর হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। দোলনকে রক্ষা করতে এগিয়ে গেলে অন্যদেরও মারধর করা হয়।
মিলন বলেন, তাঁর ভাই ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় তাঁকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। পরে আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে দোলনের অবস্থা গুরুতর বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে মেসার্স এসএস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তুষার মণ্ডলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনের চার্জ নেই বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কথা বলেননি।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, দুই পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়েছে কি না, তা তাঁর জানা নেই। হাতুড়ি দিয়ে পেটানোর বিষয়টিও তখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও বলেন, মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টা পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News