ছবি: সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুরে বরের বয়স ২১ বছর পূর্ণ না হওয়ায় প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। এ ঘটনায় বরের চাচা মজিদ রহমানকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বর ও কনের অভিভাবকদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলার জগদীশপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়ের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বর ও কনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং জন্মনিবন্ধন সনদ যাচাই করা হয়। নথিপত্র যাচাইয়ে বরের বয়স ১৮ বছর পাওয়া যায়। আইন অনুযায়ী বিয়ের জন্য প্রয়োজনীয় বয়স পূর্ণ না হওয়ায় তাৎক্ষণিকভাবে বিয়ের আয়োজন বন্ধ করে দেয় প্রশাসন।
এ ঘটনায় বরের চাচা মজিদ রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বর ও কনের অভিভাবকদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। বরের বয়স ২১ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেন তাঁরা।
স্থানীয় এক মুরুব্বি জানান, বিয়ের আনুষ্ঠানিকতায় প্রথমে কনের সম্মতি নেওয়া হয়। এরপর বরের সম্মতি নেওয়ার সময় প্রশাসনের কর্মকর্তারা বিয়েবাড়িতে পৌঁছান। আর কয়েক মিনিট দেরি হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে যেত বলে জানান তিনি।
কনের বাবা বলেন, তাঁর মেয়ের বয়স ১৯ বছর ৫ মাস। মেয়ের বিয়ের আইনগত বয়স পূর্ণ হলেও বরের বয়স কম থাকায় বিয়ে বন্ধ হয়ে যায়। বিয়ের আয়োজনের জন্য প্রস্তুত করা খাবার নষ্ট হওয়ায় তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
বরের চাচা মজিদ রহমান বলেন, বরযাত্রী নিয়ে কনের বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ পরই প্রশাসনের লোকজন সেখানে আসেন। পরে বরের জন্মনিবন্ধন সনদ যাচাই করে বয়স ১৮ বছর পাওয়ায় অভিভাবক হিসেবে তাঁকে জরিমানা করা হয়। এরপর বরযাত্রীদের নিয়ে না খেয়েই ফিরে আসেন তাঁরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় জানান, বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলা প্রশাসন সতর্ক রয়েছে। সমাজ থেকে বাল্যবিয়ে নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশের বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী, বিয়ের ক্ষেত্রে মেয়েদের ন্যূনতম বয়স ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর। নির্ধারিত বয়সের আগে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News