ছবি: সংগৃহীত
সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধের দাবিতে বরিশালের অভ্যন্তরীণ ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন বাস মালিক ও শ্রমিকেরা। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে চরকাউয়া বাস টার্মিনাল থেকে এসব রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী।
বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহারহাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজার রুটে প্রতিদিন প্রায় ৭০টি বাস চলাচল করে। এসব বাসে প্রতিদিন যাতায়াত করেন কয়েক হাজার মানুষ। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কর্মজীবী মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার যাত্রীরা পড়েছেন বিপাকে।
বাস না পেয়ে অনেক যাত্রীকে মোটরসাইকেল ও রিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে। এতে বাড়তি সময়ের পাশাপাশি গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ।
ভুক্তভোগী যাত্রী সোহরাব হোসেন হাওলাদার জানান, বরিশাল থেকে নেহালগঞ্জ যাওয়ার জন্য বাস না পেয়ে বিকল্প যানবাহনের দ্বারস্থ হতে হচ্ছে তাঁকে। অন্যদিকে, আমেনা খাতুন বলেন, টার্মিনালে এসে বাস চলাচল বন্ধ দেখতে পান। এখন বিকল্প যানবাহনে যেতে হলে অতিরিক্ত ভাড়া দিতে হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার চরকাউয়া বাস টার্মিনালে বাস, অটোরিকশা ও ইজিবাইক মালিকদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। বাস মালিক ও শ্রমিকদের অভিযোগ, সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের অবাধ চলাচলে বাসের সঙ্গে সংঘর্ষসহ বিভিন্ন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বাসের সঙ্গে পাল্লা দিয়ে এসব যান চলাচল করায় সড়কে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে।
চরকাউয়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. স্বপন হোসেনের অভিযোগ, সোমবার সকালে বাস চালানোর চেষ্টা করলেও অটোরিকশা ও ইজিবাইকচালকেরা বাধা দেন। এ সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বিক্ষুব্ধ থ্রি-হুইলার ও অটোরিকশাচালকেরা। তাঁদের দাবি, তাঁরা নিয়ম মেনেই যানবাহন চালাচ্ছেন। বাসচালকেরা কয়েক দিন পরপরই তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে হয়রানি করছেন।
দুই পক্ষের বিরোধে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ থাকলেও সমস্যা সমাধানে এখনো কার্যকর কোনো উদ্যোগের খবর পাওয়া যায়নি। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভোগান্তিতে পড়া যাত্রীরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News