ছবি: সংগৃহীত
ময়মনসিংহের নান্দাইলে প্রেমিকের বিয়ের পরদিন স্ত্রী হিসেবে স্বীকৃতি ও অনাগত সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে তাঁর বাড়িতে অবস্থান নিয়েছেন এক অন্তঃসত্ত্বা তরুণী। বিয়ের আশ্বাসে সম্পর্ক গড়ে তুলে অন্তঃসত্ত্বা করার পর প্রেমিক বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছেন বলে অভিযোগ ওই তরুণীর। এদিকে তরুণীর অবস্থানের খবর পেয়ে নববধূকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন অভিযুক্ত যুবক।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার চর লক্ষীদিয়া গ্রামে ওমর ফারুকের বাড়িতে এ ঘটনা ঘটে। ওমর ফারুক ওই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
ওই তরুণীর অভিযোগ, মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে ওমর ফারুকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে তাঁকে ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায় নিয়ে যান ফারুক। সেখানে তাঁদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। পরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু ফারুক নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
তরুণী জানান, গত বৃহস্পতিবার ফারুক অন্য এক নারীকে বিয়ে করেন। বিষয়টি জানতে পেরে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। পরে কোনো উপায় না পেয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে অনাগত সন্তানের পিতৃপরিচয় ও স্ত্রীর স্বীকৃতির দাবিতে ফারুকের বাড়িতে গিয়ে অবস্থান নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বাড়ির সামনে একটি চেয়ারে বসে ছিলেন ওই তরুণী। তবে সেখানে ফারুক ও তাঁর বাবাকে পাওয়া যায়নি।
ফারুকের বড় ভাইয়ের স্ত্রী নাজমা আক্তার জানান, পারিবারিকভাবে তাঁর দেবরের বিয়ে হয়েছে। এর মধ্যে রাতে এক নারী এসে ফারুকের সঙ্গে সম্পর্ক থাকার দাবি করেন। তবে দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি বলে তাঁর বক্তব্য। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে ফারুক নববধূকে নিয়ে বাড়ি থেকে চলে যান।
স্থানীয় প্রতিবেশী রবিউল ইসলাম বলেন, বৃহস্পতিবার নববধূকে নিয়ে ফারুক বাড়িতে আসার পর আনন্দঘন পরিবেশ ছিল। কিন্তু রাতেই ওই তরুণীর আসার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, অভিযোগ অনুযায়ী ঘটনাটি ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায় ঘটেছে। তাই ভুক্তভোগীকে ময়মনসিংহ সদর এলাকায় আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News