ছবি: সংগৃহীত
ব্যাট হাতে লড়াই করেও শেষ রক্ষা হলো না বাংলাদেশের। শাহাদাত হোসেন দিপুর দুর্দান্ত সেঞ্চুরির পরও পাকিস্তান ‘এ’ দলের কাছে ৫ উইকেটে হেরে রাইজিং স্টারস এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান।
শুক্রবার (২৭ নভেম্বর) ওমানের ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে বাংলাদেশের দেওয়া ২৩৩ রানের লক্ষ্য ২৮ বল হাতে রেখেই পেরিয়ে যায় পাকিস্তান। রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। এর আগে অন্য সেমিফাইনালে জিতে ফাইনাল নিশ্চিত করে শ্রীলঙ্কা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। অধিনায়ক সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয় দ্রুত ফিরে গেলে চাপে পড়ে দল। সেই চাপ সামাল দিতে তৃতীয় উইকেটে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে ৯৫ রানের জুটি গড়েন শাহাদাত হোসেন দিপু।
অঙ্কন ৪২ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং চালিয়ে যান দিপু। পরে এসএম মেহেরব হাসানের সঙ্গে গড়েন ৫২ রানের জুটি। তবে মাঝের ওভারগুলোতে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ।
শেষদিকে রিপন মন্ডলকে সঙ্গে নিয়ে ঝড়ো ব্যাটিংয়ে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন দিপু। শেষ ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১১৮ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটার। রিপন মন্ডল অপরাজিত থাকেন ১৯ রানে। নির্ধারিত ইনিংস শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৩২ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই পাকিস্তানকে চাপে ফেলে বাংলাদেশ। রিপন মন্ডলের বোলিংয়ে চার বলের ব্যবধানে দুই ওপেনারকে হারায় পাকিস্তান।
তবে তৃতীয় উইকেটে হাসান নাওয়াজ ও শাহজাইব খানের ১১০ রানের জুটি ম্যাচের চিত্র পাল্টে দেয়। নাওয়াজ ৬২ রান করে ফিরলেও বাংলাদেশের বোলারদের ওপর চাপ অব্যাহত রাখে পাকিস্তান।
শেষদিকে অধিনায়ক আব্দুল সামাদ ও ফারহান ইউসুফের ৭৪ রানের জুটি বাংলাদেশের জয়ের আশা শেষ করে দেয়। সামাদ ৪৪ এবং ইউসুফ ৪৬ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এ জয়ে ফাইনালে উঠল পাকিস্তান ‘এ’ দল। অন্যদিকে দিপুর সেঞ্চুরি ও সতীর্থদের লড়াই সত্ত্বেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো বাংলাদেশকে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News