ছবি: সংগৃহীত
পর্তুগালের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোর ২৩ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন তার মা দোলোরেস আভেইরো। ছেলের বিদায় যথাযথ সম্মানের সঙ্গে হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। এমনকি ডেনমার্কের কাছে পর্তুগালের ৪-১ গোলের পরাজয়ে খুশি হয়েছেন বলেও জানিয়েছেন রোনালদোর মা।
সোমবার লিসবনে স্পোর্টিং সিপির হোসে আলভালাদে স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন দোলোরেস। এ সময় পর্তুগাল জাতীয় দল এবং রোনালদোর সাবেক সতীর্থদের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।
গত ৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী রোনালদো। এর মধ্য দিয়ে পর্তুগালের হয়ে তার ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটে। তবে ছেলের বিদায়ের ধরন নিয়ে হতাশ দোলোরেস।
তিনি বলেন, ‘রোনালদো দুঃখ পেয়েছে। সে আশা করেছিল, সবকিছু অন্য রকম হবে। তারা তাকে ধোঁকা দিয়েছে। আমিও দুঃখিত।’
ডেনমার্কের কাছে পর্তুগালের ৪-১ গোলের হার নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। দোলোরেসের ভাষায়, এই পরাজয় পর্তুগালের প্রাপ্য ছিল। তিনি বলেন, ‘তারা হেরেছে, এই হার তাদের পাওনা ছিল। আমি খুশি হয়েছি।’
রোনালদোর সাবেক সতীর্থদের বিরুদ্ধেও অসম্মানের অভিযোগ তোলেন দোলোরেস। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’র বরাতে জানা গেছে, তার মতে, জাতীয় দলের সতীর্থদের কাছ থেকেও প্রাপ্য সম্মান পাননি রোনালদো।
দোলোরেস বলেন, ‘তাদের কেউই নয়। এটাই আমার অনুভূতি। তাকে সম্মান করা হয়নি। এমনকি তার সতীর্থরাও তাকে সম্মান করেনি।’
রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় উপলক্ষে ব্রাগায় বিশেষ আয়োজন করেছিল পর্তুগাল দল। ডেনমার্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচের আগে খেলোয়াড়েরা রোনালদোর নাম ও সাত নম্বর জার্সির ছবি সংবলিত পোশাক পরে মাঠে নামেন। ম্যাচের সপ্তম মিনিটে দর্শকেরাও করতালি দিয়ে তাকে সম্মান জানান। স্টেডিয়ামে দেখানো হয় ধন্যবাদ জানিয়ে একটি বার্তা।
তবে ওই আয়োজনে উপস্থিত ছিলেন না রোনালদো। বিষয়টি নিয়েও আপত্তি জানিয়েছেন তার মা। দোলোরেস বলেন, ‘ব্রাগায় তারা যে সম্মাননা দিয়েছে, সেটা আমার ভালো লাগেনি। তাকে উপস্থিত রেখেই সম্মান জানানো উচিত ছিল।’
রোনালদোর ক্যারিয়ারের শুরু হয়েছিল স্পোর্টিং সিপিতে। ছেলের অবদানকে এই ক্লাব আরও অর্থবহভাবে মূল্যায়ন করবে বলে আশা প্রকাশ করেন দোলোরেস। স্পোর্টিংয়ের স্টেডিয়ামে তার সম্মানে একটি ডে-সেন্টারের নাম পরিবর্তনের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
দোলোরেসের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে পর্তুগালের কোচ হোর্হে জেসুস বিষয়টি নিয়ে উত্তেজনা বাড়াতে চাননি। পর্তুগিজ সম্প্রচারমাধ্যম আরটিপির বরাতে জানা গেছে, তিনি বলেন, ‘এখন কি আমাকে ক্রিশ্চিয়ানো রোনালদোর মায়ের কথার জবাবও দিতে হবে?’
তবে দোলোরেসের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেসুস বলেন, একজন মা স্বাভাবিকভাবেই সন্তানের পক্ষে অবস্থান নেবেন। স্পোর্ট টিভিকে দেওয়া বক্তব্যে তিনি সন্তানদের বড় করতে দোলোরেসের সংগ্রামের কথাও উল্লেখ করেন।
রোনালদোর অবসরের পর এটিই ছিল পর্তুগালের প্রথম ম্যাচ। সেই ম্যাচেই ডেনমার্কের কাছে ৪-১ গোলে হারে দলটি। ঘরের মাঠে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে এটি পর্তুগালের সবচেয়ে বড় পরাজয় বলে উল্লেখ করা হয়েছে।
জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল চালিয়ে যাচ্ছেন রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন তিনি। পর্তুগালের হয়ে ১৪৬ গোল করে দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও তার দখলে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News