ছবি সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দেশের উত্তরাঞ্চলের খামারগুলোতে চলছে গবাদি পশুর যত্ন-আত্তিতে ব্যস্ত সময়। বিশেষ করে নীলফামারী ও দিনাজপুরের খামারিরা পশুদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার ওপর দিচ্ছেন বাড়তি মনোযোগ। তবে তারা চান, সীমান্ত দিয়ে পশু চোরাচালান কঠোরভাবে রোধ করা হোক, যাতে স্থানীয় খামারিরা ন্যায্য মূল্য পান।
খামারগুলোতে দেখা গেছে, পশুগুলোকে রাখা হয়েছে সিলিং ফ্যানের নিচে আরামদায়ক পরিবেশে। প্রতিদিন মেশিনের মাধ্যমে গোসল করিয়ে পরিচ্ছন্ন রাখা হচ্ছে। খাবারেও চলছে সতর্কতা। খামারিরা জানিয়েছেন, তাদের পশুকে খাওয়ানো হচ্ছে একেবারে প্রাকৃতিক খাদ্য — ঘাস, ভূসি ও অন্যান্য দানাদার খাবার। কোনো ধরনের মোটাতাজাকরণ ওষুধ ব্যবহার করা হচ্ছে না।
খামারিরা বলেন, দেশে পর্যাপ্ত পশু রয়েছে, তাই বিদেশি বা সীমান্ত পেরিয়ে আসা পশুর দরকার নেই। তারা দাবি জানান, সীমান্তে নজরদারি আরও কঠোর করা হোক এবং অবৈধ পশু চোরাচালান সম্পূর্ণরূপে বন্ধ করা হোক। এতে দেশের খামারিরা সঠিক দাম পাবেন এবং ক্ষতিগ্রস্ত হবেন না।
এ বিষয়ে নীলফামারীর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সিরাজুল হক জানান, স্থানীয় চাহিদা পূরণ করে এখান থেকে প্রায় ৬৫ হাজার ৯৯১টি পশু ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা সম্ভব হবে।
দিনাজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম বলেন, এবার অবৈধভাবে কোনো গবাদি পশু দেশে প্রবেশ করতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে কঠোরভাবে কাজ করছে।
এদিকে, ঈদের আগে রংপুরে জমে উঠতে শুরু করেছে সাপ্তাহিক পশুর হাট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে বেচাকেনা। সংশ্লিষ্টরা আশা করছেন, কোরবানির মূল হাট শুরু হলে বিক্রি আরও বাড়বে।
পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন জানান, প্রতিটি হাটে থাকবে সাদা পোশাকে মনিটরিং টিম, যারা সার্বক্ষণিক নজরদারি করবে।
হাটে চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রস্তুত রাখা হয়েছে ৪৯টি মেডিকেল টিম। রংপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু ছাঈদ জানান, “প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়ানো হবে।” এবছর রংপুর জেলায় মোট ৬১টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট বসবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News