ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় সাব-ঠিকাদার শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর আসামি প্রধান ঠিকাদার এস এম জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মঙ্গলবার বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বাদী হয়ে ঠিকাদার এস এম জাহাঙ্গীর আলম ও সাব-ঠিকাদার শাহ আলমের বিরুদ্ধে বাসাইল থানায় মামলা করেন। পরে দুপুরে বাসাইল পৌরসভার মাইজখাড়া সেতুর কাছ থেকে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়।
এর আগে রোববার রাতে নির্মাণাধীন সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরির সময় রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাই দেওয়ার অভিযোগ ওঠে। স্থানীয় কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন এবং মুঠোফোনে ভিডিও ধারণ করেন। অভিযোগ রয়েছে, পরে স্থানীয়রা চলে গেলে আবার কাজ শুরু করে ঢালাই শেষ করা হয়। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
ঘটনার পর মঙ্গলবার বিকেলে সেতুটি পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল মনজুর মুহাম্মদ ছাদেক। বিষয়টি তদন্তে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বলেন, কর্তৃপক্ষের অনুপস্থিতিতে রাতে ওয়াকওয়ে ও ফুটপাতের ঢালাইয়ের কাজ করার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেতুটিতে ল্যাব টেস্টসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষার ফল ও তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাই দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়েছে। মামলায় শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাসাইল জিসি-কাউলজানী ইউপি অফিস ভায়া মাইজখাড়া জিপিএস সড়কে ৯০ দশমিক ৬ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার সেতুটি নির্মাণ করা হচ্ছে। ২০২২ সালের সেপ্টেম্বরে কাজ শুরু হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরে সময় বাড়ানো হয়। বর্তমানে সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News