ছবি: সংগৃহীত
রাজধানীর কুড়িল চৌরাস্তা এলাকা থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, পড়াশোনা নিয়ে বাবার বকাঝকার পর গত সোমবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে যায় ১৪ বছর বয়সী ওই কিশোরী। এরপর দুই দিন ধরে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ কিশোরী জোয়ার সাহারা জসীমউদ্দীন ইনস্টিটিউটের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজ হওয়ার দুদিন আগে পড়াশোনা নিয়ে তাকে বকাঝকা করেন তার বাবা। এরপর সোমবার সন্ধ্যা ৭টার দিকে বাসা থেকে বের হয়ে যায় সে।
বাসা থেকে বের হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে থানায় জিডি করেন তারা।
নিখোঁজ কিশোরীর ভাই জানান, বাসা থেকে বের হওয়ার সময় তার বোনের সঙ্গে কোনো মোবাইল ফোন ছিল না। বাসা থেকে বের হওয়ার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সে সঙ্গে কোনো স্বর্ণালংকার কিংবা টাকা-পয়সাও নেয়নি।
তার কোনো প্রেমের সম্পর্ক ছিল কি না এ বিষয়ে পরিবারের জানা নেই বলেও জানান তিনি।
এদিকে, নিখোঁজ কিশোরীকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকেও বিভিন্নভাবে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
ভাটারা থানার উপপরিদর্শক আব্দুল কাদের জানান, জিডিটি প্রথমে অন্য এক কর্মকর্তার কাছে ছিল। পরে তিনি তদন্তের দায়িত্ব পেয়েছেন। ইতিমধ্যে নিখোঁজ শিক্ষার্থীর বিষয়ে দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। কোথাও তার সন্ধান পাওয়া গেলে পুলিশকে জানানোর জন্য বলা হয়েছে।
এসআই আব্দুল কাদের আরও জানান, ওই শিক্ষার্থী কোনো মোবাইল ফোন ব্যবহার করত না। ফলে তার অবস্থান শনাক্তে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। তবে সে তার মা কিংবা পরিবারের অন্য কারও ফোন ব্যবহার করে কারও সঙ্গে যোগাযোগ করেছিল কি না, তা জানতে কল ডিটেইল রেকর্ড বা সিডিআর চাওয়া হয়েছে। সিডিআর পাওয়ার পর সেখান থেকে কোনো তথ্য পাওয়া যায় কি না, তা যাচাই করা হবে।
দুই দিন ধরে মেয়ের সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার। তাকে দ্রুত খুঁজে বের করতে পুলিশের পাশাপাশি স্বজন ও পরিচিতদের সহযোগিতা চেয়েছে পরিবার।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News