ছবি: সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলীতে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় মো. মহিউদ্দিন (৩৬) নামে এক সামাজিক সংগঠককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত মাদক কারবারির বসতঘর ও গোয়ালঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। এতে গোয়ালঘরে থাকা একটি গবাদিপশু পুড়ে মারা গেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে শুক্রবার রাতে ঘটনার ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
আহত মহিউদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি শিকলবাহার আহছানিয়া পাড়ায় সম্প্রতি গড়ে ওঠা একটি মাদকবিরোধী সামাজিক সংগঠনের সক্রিয় সদস্য।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় মাদক বিক্রি বন্ধের লক্ষ্যে কয়েকজন যুবক মিলে ওই সংগঠনটি গড়ে তোলেন। সংগঠনের কার্যক্রমের অংশ হিসেবে মহিউদ্দিন ইয়াবাসহ বিভিন্ন মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এ নিয়ে স্থানীয় মাদক কারবারি হিসেবে পরিচিত মুজিবুর রহমান ও তাঁর অনুসারীদের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়। এর আগে তাঁদের মধ্যে কয়েক দফা ঝগড়াঝাটিও হয়েছে বলে স্থানীয়রা জানান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বৃহস্পতিবার সন্ধ্যার পর মাস্টারহাট এলাকায় মহিউদ্দিনের সঙ্গে মুজিবুর রহমানের প্রধান সহযোগী হিসেবে পরিচিত ইব্রাহিমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইব্রাহিম দা-জাতীয় ধারালো অস্ত্র দিয়ে মহিউদ্দিনকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এদিকে, মহিউদ্দিন আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে একদল বিক্ষুব্ধ মানুষ মিছিল নিয়ে মুজিবুর রহমানের ভাড়া বাসায় যায়। সেখানে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। আগুন গোয়ালঘরেও ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা একটি গবাদিপশু পুড়ে মারা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়দের অভিযোগ, মুজিবুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে কর্ণফুলী থানায় একাধিক মামলা রয়েছে বলেও তাঁরা দাবি করেন। তবে এসব অভিযোগের বিষয়ে মুজিবুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, মাদক ব্যবসার প্রতিবাদকে কেন্দ্র করে ইব্রাহিমের সঙ্গে মহিউদ্দিনের বিরোধ হয়। এর জেরে ইব্রাহিম তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। পরে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িতে আগুন দেয়।
ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে চিকিৎসাধীন মহিউদ্দিনের সঙ্গে কথা বলেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News