ছবি: সংগৃহীত
রাজধানীর সাম্প্রতিক কয়েকটি সহিংস ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের কাছে একাধিক প্রশ্ন তুলেছেন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি। মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা, চেইন অব কমান্ড এবং নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব প্রশ্ন তুলে মহিউদ্দিন রনি বলেন, রাজধানীতে প্রকাশ্যে সহিংসতা ও হামলার ঘটনা ঘটলেও কোথাও কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা যথেষ্ট কার্যকর বলে মনে হচ্ছে না।
সাম্প্রতিক কয়েকটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি লেখেন, রাজধানীতে অস্ত্র ও ভারী বুলডোজার নিয়ে হামলার সময় পুলিশের গাড়ি সরে গেছে বলে তিনি অভিযোগ করেন। একইভাবে মোহাম্মদপুরে সাধারণ মানুষকে রাতে লাঠি ও বাঁশি হাতে নিয়ে নিজেদের এলাকার নিরাপত্তায় পাহারা দিতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনাটিও তুলে ধরেন রনি। তাঁর অভিযোগ, প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও তা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা দেখা যায়নি।
এসব ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সরাসরি প্রশ্ন রেখে রনি লেখেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলেই তাঁর নিয়ন্ত্রণে আছে কি না। তাঁর প্রশ্ন, স্বরাষ্ট্রমন্ত্রী মাঠপর্যায়ে কঠোর হওয়ার স্পষ্ট নির্দেশ দিচ্ছেন না, নাকি নির্দেশ দেওয়ার পরও বাহিনী তা মানছে না।
রনি আরও দাবি করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও বাহিনীর মধ্যে সমন্বয় এবং চেইন অব কমান্ড নিয়ে প্রশ্ন উঠছে। রাজধানীতে বড় ধরনের কোনো ঘটনা ঘটার আগে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য ছিল কি না, থাকলে ব্যবস্থা নেওয়া হয়নি কেন এ প্রশ্নও তোলেন তিনি।
এ ছাড়া আনসার ও ভিডিপিকে স্থানীয় নিরাপত্তায় কার্যকরভাবে কাজে লাগানো হচ্ছে কি না এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন রনি। তাঁর মতে, মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের বিস্তার নিয়ন্ত্রণে আরও দৃশ্যমান অভিযান প্রয়োজন।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে রনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব শুধু প্রশাসনিক নয়; এটি সাধারণ মানুষের নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। প্রশাসনের ভেতরে কোনো রাজনৈতিক চাপ বা অচলাবস্থা থাকলে তা জনগণের সামনে পরিষ্কার করার আহ্বান জানান তিনি।
এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর কার্যকর নিয়ন্ত্রণ না থাকলে দায়িত্ব ছেড়ে দেওয়ার বিষয়টিও বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেন রনি।
তবে মহিউদ্দিন রনির এসব অভিযোগ ও বক্তব্য তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে দেওয়া। এসব বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ কিংবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পোস্টের শেষাংশে সাধারণ মানুষের প্রত্যাশার কথা তুলে ধরে রনি বলেন, নাগরিকেরা চান বিপদের সময় রাষ্ট্র ও পুলিশকে পাশে পাওয়ার নিশ্চয়তা। নিজের ঘর রক্ষা করতে যেন কাউকে লাঠি হাতে রাস্তায় নামতে না হয় এবং ব্যবসা কিংবা সম্পত্তি নিয়ে যেন চাঁদাবাজি ও দখলের আতঙ্কে থাকতে না হয়—এমন একটি নিরাপদ পরিবেশই রাষ্ট্রের কাছে মানুষের প্রত্যাশা বলে উল্লেখ করেন তিনি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News