ছবি: সংগৃহীত
রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে স্টুডিও কর্তৃপক্ষ জানিয়েছে।
স্টুডিওর এক কর্মকর্তা বলেন, ওই সময় প্রায় ১০০ থেকে ১৫০ জন সেখানে ঢুকে ভাঙচুর শুরু করে। হামলাকারীদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি করেন তিনি। পরিস্থিতি দেখে স্টুডিওর কর্মকর্তারা টয়লেটে গিয়ে আত্মগোপন করেন। পরে হামলাকারীরা সেখানে গিয়েও অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
স্টুডিওতে থাকা বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রপাতি, মোবাইল ফোনসহ আরও কিছু মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। তবে এ ঘটনায় কোনো কর্মকর্তা বা কর্মচারী আহত হননি বলে জানা গেছে।
ঘটনার সময় ঢাকায় ছিলেন না সালমান মুক্তাদির। খবর পেয়ে বিমানে ঢাকায় এসে তিনি স্টুডিও পরিদর্শন করেন। পরে ফেসবুক লাইভে স্টুডিওর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন।
সালমান মুক্তাদিরের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় প্রতিশোধ হিসেবে তাঁর স্টুডিওতে হামলা করা হয়েছে। এ ঘটনায় বিএনপির লোকজন জড়িত বলেও অভিযোগ করেন তিনি। তবে তাঁর এই অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ফেসবুক লাইভে সালমান বলেন, স্টুডিওতে বিভিন্ন ক্লায়েন্টের শুটিংয়ের ফুটেজ, সরঞ্জাম ও কাজের গুরুত্বপূর্ণ উপকরণ রাখা ছিল। সেগুলো নিয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বড় হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে আর্থিক ক্ষতির নির্দিষ্ট পরিমাণ জানাতে পারেননি তিনি।
স্টুডিওটি নিজের দীর্ঘদিনের স্বপ্ন ও সৃজনশীল কাজের জায়গা উল্লেখ করে সালমান মুক্তাদির বলেন, হামলায় সেটি ধ্বংস হয়ে গেছে। তবে এ ঘটনায় তিনি কাজ থামাবেন না বলেও জানান।
কর্মীদের উদ্দেশে তিনি বলেন, তাঁরা যেন ভেঙে না পড়েন এবং আবার কাজে ফিরে আসেন। তাঁর ভাষায়, তিনি নিজের কাজ ও সৃজনশীলতা চালিয়ে যাবেন। প্রয়োজনে দেশের বাইরে থেকেও কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
হামলার ঘটনায় মামলা করার কথাও জানিয়েছেন সালমান মুক্তাদির। তবে ঘটনার বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য, মামলা বা গ্রেপ্তারের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
হামলায় কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News