ছবি: সংগৃহীত
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনার প্রসঙ্গে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘দেশে কি কোনো সরকার আছে? চাঁদা না দেওয়ায় ইসিবিতে জনাব সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।’
এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরে নিউগ্রিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। স্টুডিও কর্তৃপক্ষের অভিযোগ, একদল ব্যক্তি সেখানে ঢুকে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি বিভিন্ন মালামাল ও সরঞ্জাম নিয়ে যায়।
স্টুডিওর কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীদের মধ্যে কয়েকজনের হাতে অস্ত্র ছিল। পরিস্থিতি দেখে তাঁরা আত্মগোপন করেন। পরে তাঁদের কাছ থেকেও মোবাইল ফোন ও মানিব্যাগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
ঘটনার সময় ঢাকায় ছিলেন না সালমান মুক্তাদির। খবর পেয়ে ঢাকায় ফিরে তিনি স্টুডিও পরিদর্শন করেন এবং ফেসবুক লাইভে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন। তাঁর অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণেই স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।
এ ঘটনায় বিএনপির লোকজন জড়িত বলেও অভিযোগ করেছেন সালমান মুক্তাদির। তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিকে সালমান মুক্তাদিরের প্রতি সংহতি জানিয়েছেন সাংবাদিক শহিদুল আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বাংলাদেশে থাকলে সালমানের স্টুডিওতে গিয়ে তাঁর সাহস ও সংযমের জন্য তাঁকে জড়িয়ে ধরতেন।
শহিদুল আলম লেখেন, শুধু সাহসিকতার প্রশংসা করেই যেন বিষয়টি শেষ না হয়। তিনি ঘটনার বিচার এবং চাঁদাবাজির সংস্কৃতির অবসান দাবি করেন। একই সঙ্গে যারা চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়ান, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান তিনি।
এদিকে হামলার ঘটনায় মামলা করার কথা জানিয়েছেন সালমান মুক্তাদির। তবে হামলাকারীদের পরিচয়, ঘটনার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণাঙ্গ তদন্ত ও আনুষ্ঠানিক বক্তব্যের পরই বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News