ছবি: সংগৃহীত
রাজধানীর হাজারীবাগে একটি ১০ তলা ভবন থেকে ফেলে সালেক খান বাবু (৩৫) নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হাজারীবাগ থানায় হত্যা মামলা করেছেন। মামলার পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে শংকর-জাফরাবাদ এলাকার ২৭৯/১ নম্বর আলী মঞ্জিল ভবনে এ ঘটনা ঘটে।
নিহত সালেক খান বাবু নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহসভাপতি এবং মোহাম্মদপুর থানার ৩৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ওই দিন বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আলী মঞ্জিলের নিরাপত্তাকর্মী বাঁধনের সঙ্গে বাবুর কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে বাঁধন লোহার অ্যাঙ্গেল দিয়ে বাবুর মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।
বাবুর চিৎকার শুনে ভবনের আরেক নিরাপত্তাকর্মী মিল্টনসহ কয়েকজন সেখানে আসেন। তাঁদের বিরুদ্ধে বাবুকে মারধরের অভিযোগ রয়েছে। পরে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে মিল্টন বাবুকে ভবনের ছাদে নিয়ে যান। কিছুক্ষণ পর তাঁরা নিচে নেমে আসেন।
এরপর ভবনের দক্ষিণ পাশে একটি টিনের চালের ওপর গুরুতর আহত অবস্থায় বাবুকে পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের মা সুফিয়া বেগমের অভিযোগ, ভবনের কেয়ারটেকার মিল্টন, বাঁধন চাকমাসহ কয়েকজন তাঁর ছেলেকে প্রথমে ভবনের দ্বিতীয় তলায় নিয়ে মারধর করেন। পরে তাঁকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়।
মামলায় মো. মিল্টন (৪২), বাঁধন চাকমা (৫০) এবং অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে।
সুফিয়া বেগমের দাবি, তাঁর ছেলে ওই ভবনে রংয়ের কাজের বিল বাবদ প্রায় তিন লাখ টাকা পেতেন। কোম্পানি দেড় লাখ টাকা দেওয়ার পর বাকি টাকা নিয়ে বিরোধ তৈরি হয়। এ নিয়ে বাবুকে কয়েক দফা হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, ঘটনায় হত্যা মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News