ছবি: সংগৃহীত
শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পদ ও দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর নির্দেশে বহিষ্কারাদেশ দেওয়া হয়। জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, মতিউর রহমান সাগরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অসাংগঠনিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে গত ২৮ জুলাই তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরবর্তী সময়ে আরও অভিযোগ ওঠার পর তাঁকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা বিএনপি।
সর্বশেষ তাঁর বিরুদ্ধে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। গত সোমবার (৫ অক্টোবর) নড়িয়া উপজেলার নোয়াদ্দা বাংলাবাজার এলাকায় নির্বাচনী বিলবোর্ড স্থাপনকে কেন্দ্র করে বিরোধের পর এ অভিযোগ ওঠে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিলবোর্ড স্থাপনকে কেন্দ্র করে জুলাই শহীদ মিরাজুল ইসলাম অর্ণবের বাবা আবু তালেবের সঙ্গে মতিউর রহমান সাগরের বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে অর্ণবের চাচা আব্দুস সালামকে থানায় নিয়ে যাওয়ার অভিযোগও ওঠে সাগরের বিরুদ্ধে। তবে পুলিশ অভিযোগ যাচাই করে কোনো সত্যতা না পাওয়ায় আব্দুস সালামকে ছেড়ে দেয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এরপর ওসি আনোয়ার হোসেনকে সাগর হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়।
এ ছাড়া সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের হুমকি দেওয়ার অভিযোগও বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে ওঠে। এসব ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে অন্তত ছয়টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে।
জেলা বিএনপির বহিষ্কারাদেশে বলা হয়েছে, মতিউর রহমান সাগরের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদসহ দলীয় সব পদ ও দায়িত্ব থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারাদেশের অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের কাছে পাঠানো হয়েছে।
তবে বহিষ্কারাদেশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন মতিউর রহমান সাগর। তিনি দাবি করেছেন, তাঁকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সঠিকভাবে উপস্থাপন করা হলে বহিষ্কারাদেশ প্রত্যাহার হবে বলে তিনি আশাবাদী।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News