ছবি: সংগৃহীত
রাজধানীর ভাটারায় একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মালা বেগম (৬২) ও তাঁর ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক কোটি দুই লাখ টাকা। এ ঘটনায় সাহিদা বেগম ইতি (৪৮) নামে আরও এক নারীকে আসামি করা হয়েছে। তবে তিনি পলাতক রয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে পরিদর্শক ফজলুল হক খানের নেতৃত্বে ভাটারা থানার ছোলমাইদ ঢালিবাড়ী কাঁচাবাজারসংলগ্ন একটি বাসার নিচতলার ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় দুই নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে ফ্ল্যাটটিতে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে ঘরের পশ্চিম পাশের একটি কক্ষে রাখা চালের ড্রাম থেকে কফি রঙের কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগের ভেতরে কাগজ ও স্কচটেপে মোড়ানো ১৭টি প্যাকেটে মোট ৩৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে মালা বেগম ও তাঁর ছেলে মামুন চোকদারকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আনোয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দাবি করেছেন, উদ্ধার করা ইয়াবার মালিক পলাতক সাহিদা বেগম ইতি। তিনি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে মালা বেগমের বাসায় মজুত রাখতেন। পরে গাজীপুরের কোনাবাড়ী, সাইনবোর্ড এবং টাঙ্গাইলের ভূঞাপুরসহ বিভিন্ন এলাকায় এসব ইয়াবা সরবরাহ করা হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
তবে সাহিদা বেগম ইতি অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁর অবস্থান শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভাটারা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News