ছবি: সংগৃহীত
বরিশালের হিজলায় ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একাধিক রাজনৈতিক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা শিক্ষা কার্যালয়।
অভিযুক্ত শিক্ষকের নাম নুর মোহাম্মদ আকন। তিনি হিজলা উপজেলার বড়জালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বাড়ি বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে। তিনি ওই গ্রামের রশিদ আকনের ছেলে।
অভিযোগ অনুযায়ী, সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ তুলে একটি পোস্ট দেন নুর মোহাম্মদ আকন। সেখানে তিনি লেখেন, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে, ইনশাআল্লাহ। দেশের জনগণ শান্তিতে নেই, প্রশাসনও কথা শোনে না। প্রশাসনও বিএনপির দালালি করে।’
এ ছাড়া ১৭ নভেম্বর মঙ্গলবার রাতে দেওয়া আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, গোপালগঞ্জ স্বাধীন। এক এক করে সব দখল করে নিব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
অভিযোগকারীদের দাবি, তাঁর ফেসবুক অ্যাকাউন্টে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির বিভিন্ন কর্মসূচি-সংক্রান্ত একাধিক পোস্টও শেয়ার করা হয়েছে। এসব পোস্ট ঘিরে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়।
একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এমন রাজনৈতিক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলে প্রশ্ন উঠেছে। তাঁদের মতে, শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মূল্যবোধের শিক্ষা দেওয়া একজন শিক্ষকের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও দায়িত্বশীল থাকা প্রয়োজন।
এ বিষয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইলিয়াস সিকদার বলেন, বিষয়টি তাঁকে অনেকে জানিয়েছেন। ওই শিক্ষকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তাঁকে সংবাদ পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, অভিযোগের বিষয়টি জানার পর ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, তিনি সংশ্লিষ্ট ফেসবুক পোস্টগুলো দেখেছেন। ওই শিক্ষক একটি দপ্তরের অধীনে কর্মরত থাকায় সংশ্লিষ্ট দপ্তর আইনগত সহায়তা চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ আকনের বক্তব্য পাওয়া যায়নি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News