ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় মহাসড়কের কুমিল্লামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে চট্টগ্রামগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি বাস তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় মহাসড়কের পাশের একটি হোটেল থেকে একটি প্রাইভেটকার সড়কে উঠে ইউটার্ন নিয়ে ঢাকার দিকে যাওয়ার চেষ্টা করে। তখন বাসটির সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এতে গাড়ির চালক ঘটনাস্থলেই নিহত হন। গাড়িতে থাকা আরও চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয় হামদর্দ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।
আহত অপর ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে সাবিহা আক্তার (৬২) ও লিটন মিয়া (৬৫) নামে দুজনের পরিচয় পাওয়া গেছে। সাবিহা আক্তারের ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। তিনি ঢাকার ধানমন্ডির জিগাতলা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, নিহত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।
দুর্ঘটনার পর বাসের এক যাত্রী চালকের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি, বাসটির চালক সম্ভবত নতুন ছিলেন এবং গাড়ি চালানো নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ ছিল।
খবর পেয়ে ভবেরচর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধার এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে পুলিশ।
ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বাসটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। প্রাইভেটকারটি একটি হোটেল থেকে ভুল পাশে বের হয়ে ইউটার্ন নিয়ে ঢাকার দিকে যাওয়ার সময় বাসটির সঙ্গে সংঘর্ষ হয়।
দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিহত-আহতদের পূর্ণ পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News