ছবি: সংগৃহীত
অভিনয়ের পাশাপাশি হাসান মাসুদের রয়েছে সাংবাদিকতা ও সামরিক জীবনের অভিজ্ঞতাও। জীবনের বিভিন্ন সময়ে এসব পেশার সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তী সময়ে ক্যামেরার সামনে এসে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন তিনি। দুই দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত এই শিল্পী এখন অবশ্য আগের তুলনায় পর্দায় অনেকটাই অনিয়মিত।
সম্প্রতি নতুন একটি পেশাগত দায়িত্বে যুক্ত হয়েছেন হাসান মাসুদ। একটি শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানে ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ পদে যোগ দিয়েছেন তিনি। প্রতিষ্ঠানটি বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের পরামর্শ ও বিভিন্ন সেবা দিয়ে থাকে।
ইতোমধ্যে প্রতিষ্ঠানটির কয়েকটি প্রচারণামূলক কার্যক্রমেও হাসান মাসুদকে দেখা গেছে। নতুন এই কর্মজীবনের খবর প্রকাশ্যে আসার পর তাঁর ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে—তবে কি অভিনয় থেকে সরে যাচ্ছেন তিনি?
তবে নতুন চাকরিতে যোগ দেওয়ার অর্থ যে অভিনয়কে বিদায় জানানো, এমন কোনো ঘোষণা দেননি হাসান মাসুদ। এর আগে অভিনয় থেকে সরে যাওয়ার বিষয়ে তাঁর বক্তব্য নিয়েও আলোচনা হয়েছিল।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে হাসান মাসুদ জানিয়েছিলেন, আপাতত তিনি অভিনয়ে নিয়মিত হচ্ছেন না। হজ পালন করে ধর্মীয় জীবনযাপনে আরও মনোযোগী হওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা তৈরি হলে পরে বিষয়টি স্পষ্ট করেন অভিনেতা।
হাসান মাসুদ জানিয়েছিলেন, তিনি চিরতরে অভিনয় ছেড়ে দেওয়ার কথা বলেননি। তাঁর ভাষ্য, ভালো কনটেন্ট না পাওয়ার কারণে বর্তমানে কাজ করছেন না। অর্থাৎ উপযুক্ত গল্প ও চরিত্র পেলে অভিনয়ে ফেরার সম্ভাবনা রয়েছে।
এর আগে কয়েক মাস আগে তাঁর অসুস্থতার খবরেও ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল। দীর্ঘ সময় ধরে অভিনয়ে অনিয়মিত থাকার পর হজ পালন করেন তিনি। পরে একটি বিজ্ঞাপনচিত্রেও কাজ করতে দেখা যায় তাঁকে।
এখন নতুন কর্মজীবনে যুক্ত হওয়ার খবরের পাশাপাশি অভিনয়ে তাঁর ভবিষ্যৎ নিয়েও কৌতূহল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। তবে নতুন দায়িত্ব নেওয়ার কারণে অভিনয় পুরোপুরি ছেড়ে দিচ্ছেন এমন কোনো তথ্য এখনো নিশ্চিত করেননি হাসান মাসুদ।
২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় হাসান মাসুদের। এরপর নাটকেও নিয়মিত অভিনয় করেন তিনি। ‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’ ও ‘খুনসুটি’সহ বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন।
অভিনয়ের পাশাপাশি গানও করেছেন হাসান মাসুদ। ২০০৬ সালে প্রকাশিত হয় তাঁর গানের অ্যালবাম।
নতুন পেশাগত দায়িত্বের পাশাপাশি ভবিষ্যতে অভিনয়ে তাঁকে নিয়মিত দেখা যাবে কি না, এখন সেটিই দেখার বিষয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News