ছবি: সংগৃহীত
স্বামীর রেখে যাওয়া সম্পত্তি ভাগাভাগি ও ঋণ পরিশোধকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফলে তিন ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক মা। ছেলেদের বিরুদ্ধে সম্পত্তি বণ্টনে বাধা, জবরদখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন মনোয়ারা বেগম নামের ওই নারী। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তিন ছেলে।
মনোয়ারা বেগম উপজেলার দাসপাড়া ইউনিয়নের পূর্ব খাজুরবাড়িয়া গ্রামের মৃত শামসুল হক আকনের স্ত্রী। তাঁর পাঁচ ছেলে ও চার মেয়ে রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে অসুস্থতায় মারা যান মনোয়ারা বেগমের স্বামী। স্বামীর চিকিৎসার খরচ জোগাতে ধারদেনা করতে হয়েছিল তাঁকে। স্বামীর মৃত্যুর সময় প্রায় ছয় লাখ টাকা ঋণ থেকে যায়। পরে সেই ঋণ পরিশোধ এবং সন্তানদের মধ্যে সম্পত্তি বণ্টনের জন্য জমি বিক্রির উদ্যোগ নেন তিনি।
কিন্তু তাঁর তিন ছেলে রুহুল আমিন, তানভীর ও মেহেদী জমি বিক্রিতে বাধা দেন বলে অভিযোগ করেছেন মনোয়ারা বেগম। এ নিয়ে মা, ভাই-বোনের মধ্যে বিরোধ তৈরি হয়। বড় ছেলে মাইনুল হাসান ও চার মেয়ে মায়ের পক্ষে অবস্থান নেওয়ায় তাঁদেরও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর।
মনোয়ারা বেগম বলেন, স্বামীর ঋণ পরিশোধ ও সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগ করে দিতে চাইছেন তিনি। কিন্তু তিন ছেলে এতে বাধা দিচ্ছেন। সম্পত্তি নিজেদের দখলে রাখার চেষ্টা করছেন তাঁরা। তাঁকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে বাড়ি ছেড়ে বর্তমানে ভাড়া বাসায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তিনি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে মায়ের এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রুহুল আমিন, তানভীর ও মেহেদী। তাঁদের দাবি, তাঁদের ফাঁসানোর জন্য মা, বড় ভাই ও বোনেরা নানা কৌশল অবলম্বন করছেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পারিবারিক সম্পত্তি ও ঋণ পরিশোধের বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট এ ঘটনায় এলাকায় আলোচনা তৈরি হয়েছে। এখন অভিযোগের তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News