ছবি: সংগৃহীত
মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে শতাধিক ককটেল বিস্ফোরণ এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার পর কালকিনি পৌরসভার মাছবাজার-সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলে নেতৃত্ব দেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন।
মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের মুখোমুখি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় পাল্টাপাল্টি ককটেল নিক্ষেপ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষ চলাকালে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় একটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।
সংঘর্ষে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয়, আঘাতের ধরন এবং হাসপাতালে চিকিৎসা নেওয়ার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News