ছবি: সংগৃহীত
অযত্ন, অবহেলা আর দীর্ঘদিনের সংস্কারহীনতায় বেহাল দশায় ঝালকাঠি জেলার দুটি স্টেডিয়াম। কোথাও মাঠজুড়ে আগাছা, কোথাও ভাঙা গ্যালারি ও জরাজীর্ণ ভবন। একটি স্টেডিয়ামের মাঠে অবাধে বিচরণ করছে গরু-ছাগল, অন্যটিতে বালু দিয়ে ভরাট করা মাঠে খেলতে হচ্ছে শিশু-কিশোরদের। প্রয়োজনীয় অবকাঠামো ও খেলার পরিবেশ না থাকায় খেলাধুলায় আগ্রহ হারাচ্ছেন স্থানীয় খেলোয়াড়রা।
ঝালকাঠি শহরের বিকনা এলাকায় প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামের বর্তমান চিত্র এমনই। মাঠজুড়ে জন্মেছে আগাছা, ভেঙে পড়ে আছে প্রবেশপথের গেট ও সীমানাপ্রাচীর। গ্যালারির বিভিন্ন স্থানে জমে আছে খড়কুটো। নেই নিয়মিত রক্ষণাবেক্ষণ। অস্থায়ীভাবে একজন নৈশপ্রহরী নিয়োগ দেওয়া হলেও তাঁর উপস্থিতি নিয়মিত নয় বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, রাতের বেলায় স্টেডিয়াম এলাকায় মাদকের আড্ডাও বসে।
অন্যদিকে, শহরের পুরোনো পৌর মিনি স্টেডিয়ামের অবস্থাও শোচনীয়। জরাজীর্ণ ভবন, ভাঙাচোড়া গ্যালারি এবং বালু দিয়ে ভরাট করা মাঠে নেই খেলাধুলার উপযুক্ত পরিবেশ। এর মধ্যেও প্রতিদিন বিকেলে শিশু-কিশোরেরা নিজেদের উদ্যোগে খেলাধুলা করে।
স্থানীয় খেলোয়াড়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাঠে কোনো টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে না। তার ওপর খেলার উপযোগী মাঠ না থাকায় প্রতিভা বিকাশের সুযোগও সীমিত হয়ে পড়েছে। ভালো পরিবেশ না পেলে দক্ষ খেলোয়াড় তৈরি করা কঠিন বলে মনে করছেন তাঁরা।
জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু বলেন, অবকাঠামোগত নানা সমস্যার কারণে স্টেডিয়ামগুলোতে খেলাধুলার পরিবেশ নেই। জেলার দুটি স্টেডিয়ামসহ অন্যান্য মাঠ খেলার উপযোগী করতে জাতীয় ক্রীড়া পরিষদ ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোর অবকাঠামোগত সমস্যা সমাধানে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
স্থানীয় ক্রীড়া বিশ্লেষকদের মতে, খেলার মাঠের এমন বেহাল অবস্থায় নতুন খেলোয়াড় তৈরি ও তরুণদের প্রতিভা বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। তাই শুধু প্রস্তাব পাঠানো নয়, দ্রুত সংস্কারকাজ শুরু করে স্টেডিয়ামগুলো খেলাধুলার উপযোগী করার দাবি জানিয়েছেন তাঁরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News