ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিতে একটি শপিংমলে স্বর্ণালংকারের দোকান থেকে প্রায় দুই হাজার ভরি গয়না ও ১০ থেকে ১২ লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। দোকান কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার পর এ চুরির ঘটনা ঘটানো হয়। এ ঘটনায় মার্কেট ও দোকানের নিরাপত্তাকর্মীদের যোগসাজশ রয়েছে বলেও সন্দেহ করছেন তাঁরা।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র্যাং গস প্লাজার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
দোকানটির মালিক অমিত ঘোষ জানান, চুরি হওয়া গয়নার মধ্যে স্বর্ণ, রুপা ও হীরার অলংকার রয়েছে। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।
দোকানটির জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল বলেন, ঘটনার পর কয়েকজন নিরাপত্তাকর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁদের একজন দোকানের নিজস্ব এবং দুজন মার্কেটের নিরাপত্তাকর্মী। অন্য নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাওয়ের সঙ্গে কিছু খাইয়ে অচেতন করা হয়ে থাকতে পারে বলে তাঁদের ধারণা।
সঞ্জীব শীল আরও জানান, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে চুরি করতে দেখা গেছে। এ ছাড়া আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি ছিল। ফুটেজে নিখোঁজ এক নিরাপত্তাকর্মীকে বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সহায়তা করতে দেখা গেছে। ভেতরে ঢোকার পর তাঁদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগের তার কেটে দেন।
ঘটনায় জড়িত সন্দেহে এক নিরাপত্তাকর্মীর পরিচয়পত্র উদ্ধার করে তদন্তকারী দলের কাছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, এ ঘটনায় চারজন নিরাপত্তাকর্মীকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। তবে মার্কেটের আরও দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, পুলিশ এ ঘটনায় তদন্ত করছে। জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
প্রায় দুই হাজার ভরি গয়না চুরির এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তাব্যবস্থার মধ্যে কীভাবে এত বড় চুরির ঘটনা ঘটল এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News