ছবি: সংগৃহীত
শীতের আগমনে পটুয়াখালীর বাউফলের নদী ও চরাঞ্চলে বাড়ছে পরিযায়ী পাখির আনাগোনা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে পাখি শিকারিদের একটি চক্র। রাতের আঁধারে ফাঁদ পেতে পাখি শিকার, এরপর মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে মোবাইল ফোনে অর্ডার নিয়ে ক্রেতাদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে এসব পাখি। এমনকি লেনদেনও হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। এভাবে গড়ে উঠেছে অতিথি পাখি শিকারের একটি বাণিজ্যিক নেটওয়ার্ক।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাউফলের তেঁতুলিয়া, কারখানা ও লোহালিয়া নদীর চরাঞ্চলসহ বিভিন্ন বিল ও জলাভূমিতে শীত মৌসুমে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি আসে। এসব এলাকায় রাতের আঁধারে নৌকা নিয়ে যায় শিকারিরা। পেতে রাখা হয় বিভিন্ন ধরনের ফাঁদ ও জাল। কোথাও পাখির ডাক নকল করে, আবার কোথাও নানা কৌশলে পাখিদের ফাঁদে আকৃষ্ট করা হয়। ভোর হওয়ার আগেই ফাঁদে আটকা পড়ে অসংখ্য পাখি।
অনুসন্ধানে জানা গেছে, শিকার থেকে শুরু করে ক্রেতার হাতে পাখি পৌঁছে দেওয়া পর্যন্ত রয়েছে একাধিক পক্ষ। শিকারিরা সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেন না। নদীর তীরের কিছু ব্যক্তি মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করেন। তারাই মোবাইল ফোনে অর্ডার নিয়ে স্থানীয় পরিবহনের মাধ্যমে ক্রেতাদের বাড়িতে পাখি পৌঁছে দেন। পরে মোবাইল ব্যাংকিংয়ে পরিশোধ করা হয় দাম।
এদিকে বেড়েছে শিকার করা পাখির দামও। গত বছর এক জোড়া বালিহাঁস বিক্রি হতো ৬০০ টাকায়, এবার তা বেড়ে হয়েছে ৮০০ টাকা। ছোট আকারের চক্কা পাখির দাম ৬০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১০০ টাকায়।
নাম প্রকাশ না করার শর্তে এক শিকারির দাবি, শুধু বাউফলের চরাঞ্চলেই প্রতিদিন ১৫০ থেকে ২০০টি পাখি ফাঁদে আটকা পড়ে। বালিহাঁস ছাড়াও চক্কা, লাল ঠোঁটি, ঠেঙ্গা, জলডুবা ও সুন্দরীসহ বিভিন্ন প্রজাতির পাখি শিকার করা হচ্ছে।
প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত ‘সেইভ দ্য বার্ড অ্যান্ড বি’র পরিচালক এম এ বাসার বলেন, পরিযায়ী পাখি পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কৃষিজমির ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে। নির্বিচারে শিকার ও বাণিজ্যিক বিক্রির কারণে এসব পাখির নিরাপদ বিচরণ হুমকির মুখে পড়ছে। পাখি শিকার বন্ধে শিকারিদের পাশাপাশি ক্রেতা ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই এসব পাখির নিরাপদ বিচরণ নিশ্চিত করা প্রয়োজন।
উপজেলা বন কর্মকর্তা মো. বদিউজ্জামান খান জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী অনুমতি ছাড়া বন্য পাখি শিকার, ধরা, কেনাবেচা ও পরিবহন শাস্তিযোগ্য অপরাধ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, পাখি শিকার বন্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শীতের অতিথি পাখি প্রকৃতির সম্পদ। অথচ সেই সম্পদই এখন পরিণত হয়েছে বাণিজ্যের পণ্যে। প্রশ্ন উঠেছে, কেবল সচেতনতা নয়, অবৈধ এই বাণিজ্য বন্ধে কার্যকর অভিযান কবে জোরদার হবে?
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News