ছবি সংগৃহীত
মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলায় চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও সিআরসিসির মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একসঙ্গে কাজ করতে আগ্রহী। দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে আরও বেশি চীনা বিনিয়োগ আকৃষ্ট করা প্রয়োজন। বিশেষ করে মোংলায় নতুন শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি আরও বলেন, মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত শিল্প ও বাণিজ্যিক কার্যক্রম গতিশীল করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত নির্মাণে সরকার উদ্যোগ নেবে।
এ সময় মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগের সুযোগ তৈরিতে সহযোগিতার জন্য চীনা প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টায় চীনা বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে তিনি চীনা বিনিয়োগকারীদের আরও বেশি বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর এ উদ্যোগ বাস্তবায়িত হলে মোংলাসহ দক্ষিণাঞ্চলে নতুন শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News