ছবি সংগৃহীত
সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষায় সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬-এর খসড়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিকদের মতামত ও সুপারিশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনটি পরিমার্জন ও চূড়ান্ত করার ওপর জোর দিয়েছে সরকার।
বুধবার (৪ নভেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে আইনটির খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা হয়।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা
সভায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়, আইনটি যেন কোনোভাবেই সাংবাদিক, সংবাদমাধ্যম কিংবা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়।
এ লক্ষ্যে সংবাদ প্রকাশ বা প্রচারের কারণে কোনো সাংবাদিক, সংবাদমাধ্যমের মালিক কিংবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট এখতিয়ারসম্পন্ন আদালতের পূর্বানুমতি গ্রহণের বিধান রাখার বিষয়ে আলোচনা ও নীতিগত ঐকমত্য হয়।
এ ছাড়া মানহানি, হেয় প্রতিপন্ন করা ও সাইবার বুলিংয়ের বিষয়গুলো পৃথকভাবে বিবেচনা করে আইনের সংশ্লিষ্ট ধারা পুনর্বিন্যাসের প্রস্তাব উঠে আসে। মানহানির সংজ্ঞা ও শাস্তি দণ্ডবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা এবং গুজব ও অপতথ্যের সংজ্ঞা আরও স্পষ্ট করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় মোবাইল কোর্টের বিধান না রাখা, কোনো কনটেন্ট অপসারণ বা ব্লক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারণ জানানো এবং আপিল বা আবেদন নিষ্পত্তির সময়সীমা নির্ধারণের বিষয়েও আলোচনা হয়।
পাশাপাশি কোনো সংবাদমাধ্যম বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে লিখিত নোটিশ প্রদান ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখার প্রস্তাব উঠে আসে।
সভায় সংশোধিত খসড়াটি অংশীজনদের মতামতের ভিত্তিতে পুনরায় পরিমার্জন করে ওয়েবসাইটে প্রকাশ এবং জনসাধারণের মতামত গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
বক্তারা বলেন, সাইবার অপরাধ প্রতিরোধের পাশাপাশি নাগরিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই আইনটি চূড়ান্ত করতে হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News