ইয়েমেনের তাইজ প্রদেশের একটি বাজারে ভয়াবহ হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। তবে হামলার দায় নিয়ে পরস্পরবিরোধী দাবি করেছে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী ও স্থানীয় সরকারি কর্তৃপক্ষ। এক পক্ষের দাবি, সৌদি আরবের বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে। অন্য পক্ষের অভিযোগ, বাজার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি।
শুক্রবার (৬ নভেম্বর) হুথি নিয়ন্ত্রিত তাইজ প্রদেশের আল-ওয়াজিয়া শহরের একটি বাজারে একাধিক হামলার ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হুথি পরিচালিত সংবাদ সংস্থা সাবার মাধ্যমে গোষ্ঠীটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি দাবি করেন, সৌদি আরবের বিমান থেকে বাজারটিতে কয়েক দফা হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৩০ জন নিহত এবং আটজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারীরা।
অন্যদিকে, হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, সৌদি আরবের খামিস মুশাইত সামরিক ঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি বিমান থেকে হামলাগুলো চালানো হয়েছে।
তবে ইয়েমেনের সরকারি বাহিনী এ অভিযোগ অস্বীকার করে হামলার জন্য হুথি গোষ্ঠীকে দায়ী করেছে। তাদের দাবি, বাজারটিতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথিরা। ঘটনাটিকে যুদ্ধাপরাধ উল্লেখ করে নিন্দা জানিয়েছে সরকারি বাহিনী। তাইজের স্থানীয় কর্তৃপক্ষও এক বিবৃতিতে হুথির নির্বিচার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেছে। একই সঙ্গে ওই এলাকায় কোনো বিমান হামলা হয়নি বলেও দাবি করেছে তারা।
দীর্ঘদিনের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র হয়ে উঠেছে। হুথি ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে চলমান লড়াইয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
বাজারের মতো জনবহুল এলাকায় এমন প্রাণঘাতী হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। তবে হামলার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনো পাওয়া যায়নি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News