ছবি: সংগৃহীত
বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিতে বাধ্য হয়েছেন শিক্ষার্থীরা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বরিশালজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
ঘটনাটি ঘটেছে বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রের মাস্টার্স ফাইনাল পরীক্ষায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিদ্যুৎবিহীন অন্ধকার কক্ষে প্রচণ্ড গরম ও অপ্রতুল আলোর মধ্যে পরীক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছেন। এমন পরিবেশে পরীক্ষা দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী ও অভিভাবক।
কলেজটির অধ্যক্ষ মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। সে সময় কলেজে দুটি বিদ্যুৎ সংযোগ থাকলেও কোনো সংযোগেই বিদ্যুৎ ছিল না। ফলে বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় পরীক্ষার্থীদের মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়।
তিনি বলেন, “আমরা বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্তদের একাধিকবার ফোন দিয়েছি। তারা জানিয়েছে, ট্রান্সমিটারের কাজ চলছিল। প্রায় এক ঘণ্টা ধরে এই অবস্থায় পরীক্ষা নেওয়া হয়েছে।”
অধ্যক্ষ আরও জানান, ওই পরীক্ষায় বরিশাল বিএম কলেজ-এর শিক্ষার্থীরা অংশ নিয়েছিল। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কলেজে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে, যদিও এটি একটি ব্যয়বহুল প্রকল্প। এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, বিষয়টি নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা। ওজোপাডিকো-২-এর নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম বলেন, “পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ না থাকার বিষয়টি আমাদের কেউ জানায়নি। এমনকি কোনো ফোনও আমরা পাইনি।”
তিনি আরও বলেন, বর্তমানে বিদ্যুতের চাহিদা ও উৎপাদনের মধ্যে ঘাটতি থাকায় অনেক জায়গায় এমন সমস্যা দেখা দিচ্ছে। উৎপাদন পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষই নির্ধারণ করবে।
এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই বলছেন, গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা এমন পরিবেশে নেওয়া শিক্ষার মান ও পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। একইসঙ্গে এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রস্তুতির ঘাটতিরও ইঙ্গিত দেয়।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, যেমন জেনারেটর বা সোলার ব্যাকআপ নিশ্চিত করা জরুরি। অন্যথায় শিক্ষার্থীদের ভোগান্তি কমানো সম্ভব হবে না।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News