ছবি: সংগৃহীত
এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে নতুন করে কঠোর নজরদারির ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, পরীক্ষকেরা ঠিকভাবে খাতা মূল্যায়ন করছেন কি না তা এবার র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে খতিয়ে দেখা হবে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে সচিবালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পরীক্ষকদের খাতা দেখার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী পরীক্ষকও বাড়ানো হয়েছে, যাতে তারা দায়িত্বশীলভাবে খাতা মূল্যায়ন করতে পারেন। তবে আগে কখনোই এ প্রক্রিয়ার সঠিকতা যাচাই করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “কোন শিক্ষক কঠিন মার্ক দিয়েছেন বা কেউ সময়ের অভাবে খাতা ঠিকভাবে দেখেননি—এসব বিষয় এবার আমরা পর্যবেক্ষণে আনছি। প্রতিটি বোর্ড থেকে র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে খাতা যাচাই করা হবে।”
মন্ত্রী স্পষ্ট করে জানান, এটি শিক্ষার্থীদের জন্য কোনো ধরনের চাপ বা হুমকি নয়, বরং পরীক্ষক ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ।
মানবিক নম্বর বা বিশেষ ছাড়ের বিষয়ে তিনি বলেন, এবার এমন কোনো আলাদা নির্দেশনা দেওয়া হয়নি। উত্তরপত্র মূল্যায়নে ন্যায্য ও লিবারেল পদ্ধতি অনুসরণ করা হবে। যদি কোনো প্রশ্নের উত্তর আংশিক সঠিক হয়, তবে যথাযথ নিয়ম অনুযায়ী নম্বর প্রদান করতে হবে।
এসএসসি পরীক্ষার নিরাপত্তা ও প্রশ্নফাঁস রোধে নেওয়া পদক্ষেপের বিষয়ে মন্ত্রী জানান, সাইবার ক্রাইম মনিটরিং, কেন্দ্রভিত্তিক সিসিটিভি নজরদারি এবং বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ ও শিক্ষা কর্মকর্তাদের সমন্বয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালানো হবে।
তিনি বলেন, “প্রশ্নফাঁস রোধে আমরা সর্বোচ্চ প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা নিয়েছি। সাইবার বিশেষজ্ঞদেরও যুক্ত করা হয়েছে।”
বিদ্যুৎ বিভ্রাট যেন পরীক্ষার সময় ব্যাঘাত না ঘটায়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।
এছাড়া কোচিং সেন্টারগুলোকে তিনি শিক্ষার দুর্বলতা হিসেবে উল্লেখ করে বলেন, এগুলোকে কোনোভাবেই স্বীকৃতি দেওয়া হয় না।
আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হবে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী।
শিক্ষা মন্ত্রণালয় বলছে, স্বচ্ছতা, নিরাপত্তা ও ন্যায্যতা নিশ্চিত করাই এবারের মূল লক্ষ্য।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News