ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) টিএসসি ভবনের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে রিয়াজ আহমেদ (রাজ) নামে এক বহিরাগত যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রিয়াজ আহমেদ কেরানীগঞ্জের বাসিন্দা। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত।
অভিযোগ ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের তথ্যমতে, অভিযুক্ত ব্যক্তি টিএসসি ভবনের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে প্রবেশ করেন। এ সময় এক শিক্ষার্থী তাকে ভেতরে দেখতে পেয়ে পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চান। কিন্তু তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে না পারায় বিষয়টি বাইরে থাকা অন্যান্য শিক্ষার্থীদের জানানো হয়।
পরে শিক্ষার্থীরা তাকে আটক করে তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করেন। অভিযোগ অনুযায়ী, ফোনে নারী শিক্ষার্থীদের গোপনে ধারণ করা একাধিক ভিডিও পাওয়া যায়। এছাড়া বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলের উপস্থিতি এবং পূর্বে ধারণ করা আরও কিছু নারীর ভিডিওও পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে। এসব তথ্যের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করবে আইনশৃঙ্খলা বাহিনী।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও নিরাপত্তা শাখার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর আলী বলেন, অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা হওয়ার পর মোবাইল ফোনের তথ্য-উপাত্তসহ সব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা আরও জোরদার, বহিরাগতদের প্রবেশে কঠোর নজরদারি এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News