ছবি: সংগৃহীত
আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার দেশের ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৭৭টি বিষয়ে মোট ২১ দিনে পরীক্ষায় অংশ নেবেন। যেসব দিন পরীক্ষা থাকবে না, সেসব দিন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি কার্যক্রম চালু থাকবে।
পরিসংখ্যান অনুযায়ী, এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ ছাত্রের তুলনায় ছাত্রী ২৬ হাজার ৬৪৫ জন বেশি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক জানান, নকল প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অতীতে নকলের জন্য পরিচিত কয়েকটি ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে। তবে হাওর, পার্বত্য এলাকা ও দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বিবেচনায় কয়েকটি কেন্দ্র বহাল রাখা হয়েছে।
তিনি আরও জানান, সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের পরীক্ষার্থীদের জন্য শনিবারের পরীক্ষা বিশেষ ব্যবস্থায় সূর্যাস্তের পর অনুষ্ঠিত হবে।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী রয়েছে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, যা গত বছরের তুলনায় ১৪ হাজার ৩১৬ জন বেশি। এর মধ্যে ছাত্র ৪ লাখ ৯২ হাজার ৪০৬ জন এবং ছাত্রী ৫ লাখ ৭৭ হাজার ৩০৮ জন। এছাড়া সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ৭৭টি এবং পরীক্ষাকেন্দ্র বেড়েছে ২১টি।
অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ৯২ হাজার ৯০৫ জন, যা গত বছরের তুলনায় ৬ হাজার ৮০৩ জন বেশি। এ বোর্ডে পরীক্ষাকেন্দ্র বেড়েছে ২টি এবং শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ২৩টি।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন। তবে এ বোর্ডে গত বছরের তুলনায় পরীক্ষার্থী ১ হাজার ৬৪৭ জন কমেছে। একই সঙ্গে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ১২৩টি কমে দাঁড়িয়েছে ৬১০টিতে।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সব পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হয়েছে, যেখান থেকে দেশের যেকোনো পরীক্ষাকেন্দ্রের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা হবে।
তিনি আরও জানান, পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করতে হবে। এর মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে আরও কার্যকর নজরদারি নিশ্চিত করা সম্ভব হবে।
শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষাকেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা, নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হওয়া এবং গুজব ও অসদুপায় থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News