ছবি: সংগৃহীত
গ্যাস ও বিদ্যুৎ সংকট, ঘন ঘন লোডশেডিং এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হারিকেন ও হাড়ি-পাতিল হাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা দাবি করেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকটের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে। একই সঙ্গে বিদ্যুৎ বিলেও অসঙ্গতি দেখা দিচ্ছে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিন দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। কোথাও কোথাও ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং থাকছে বলে তারা দাবি করেন। একই সঙ্গে অনেক গ্রাহক আগের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি বিদ্যুৎ বিল পাচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠছে। বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিরসনের পরিবর্তে নাগরিক দুর্ভোগ আরও বাড়ছে। তাঁদের দাবি, জুন ও জুলাই মাসের বিদ্যুৎ বিল অনেক ক্ষেত্রে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, যার যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না।
সমাবেশে গ্যাস সরবরাহ নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়। বক্তাদের অভিযোগ, অনেক এলাকায় গ্যাসের চাপ না থাকলেও মূল্য বৃদ্ধির উদ্যোগের আলোচনা চলছে। এতে সাধারণ ভোক্তারা আরও চাপে পড়বেন বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
বিক্ষোভকারীরা একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ও তুলে ধরেন। তারা বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জনভোগান্তি কমানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।
সমাবেশ থেকে বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থার তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News