ছবি: সংগৃহীত
জামালপুরের ইসলামপুর উপজেলার কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয়ে ১১ জন শিক্ষক কর্মরত থাকলেও এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিনজন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। বিদ্যালয়টির প্রথম ব্যাচের শিক্ষার্থীদের শতভাগ অকৃতকার্য হওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয়টি একটি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান। বর্তমানে বিদ্যালয়টিতে ১১ জন শিক্ষক কর্মরত আছেন। চলতি বছর প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি থেকে তিনজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সোমবার সারা দেশের সঙ্গে জামালপুরেও এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, বিদ্যালয়ের তিন পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি।
প্রথম ব্যাচের তিন শিক্ষার্থীর সবাই ফেল করায় বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ও পাঠদানের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের প্রশ্ন, ১১ জন শিক্ষক থাকার পরও কেন একজন শিক্ষার্থীও পরীক্ষায় উত্তীর্ণ হতে পারল না?
স্থানীয় বাসিন্দা শেখ ময়ছন আলী বলেন, মাত্র তিনজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে, অথচ কেউই পাস করেনি—এটি হতাশাজনক। বিদ্যালয়ে ১১ জন শিক্ষক পাঠদান করেন। কোথাও না কোথাও গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। এমন ফলাফল বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কেউ মন্তব্য করতে রাজি হননি।
ফলাফলের বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মামুন-অর-রশীদ বলেন, কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে তিনজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের কেউই পাস করতে পারেনি। এটি বিদ্যালয়টির প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১১ জন শিক্ষক কর্মরত রয়েছেন।
তিনি বলেন, ১১ জন শিক্ষক থাকার পরও প্রথম ব্যাচের শতভাগ শিক্ষার্থী ফেল করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামছুল আলম বলেন, কোনো শিক্ষার্থী পাস না করার বিষয়টি অবশ্যই হতাশাজনক। কেন এতজন শিক্ষক থাকার পরও প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি, তা খতিয়ে দেখা হবে। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জবাবদিহি চাওয়া হবে এবং প্রয়োজন হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।
এদিকে স্থানীয়দের দাবি, ফলাফল বিপর্যয়ের প্রকৃত কারণ খুঁজে বের করে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে প্রয়োজনীয় পরিবর্তন আনা জরুরি। বিশেষ করে শিক্ষার্থীদের পাঠদান, নিয়মিত উপস্থিতি ও শিক্ষকদের দায়িত্ব পালনের বিষয়গুলো পর্যবেক্ষণের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News